খানাখন্দে বিপজ্জনক পথ, দুর্ঘটনার আশঙ্কা—দ্রুত রাস্তা সংস্কারের দাবি মেদিনীপুরবাসীর!

নিজস্ব সংবাদদাতা : দীর্ঘদিন ধরে খানাখন্দে ভরা বেহাল রাস্তা। তার জেরে প্রতিদিনই সমস্যায় পড়ছেন পথচারী থেকে শুরু করে টোটো, বাইক ও অন্যান্য যানবাহনের চালকরা। মঙ্গলবার দুপুরে সেই দুর্ভোগেরই ছবি দেখা গেল মেদিনীপুর শহরে। রাস্তার গর্তে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল একটি টোটো।মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর বেলা ২টা ১৫ মিনিট নাগাদ মেদিনীপুর শহরের রামকৃষ্ণ মিশন স্কুল সংলগ্ন মেন গেটের কাছে এই দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বেহাল রাস্তার উপর দিয়ে যাওয়ার সময় আচমকাই টোটোটি উল্টে যায়। ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়ায়।স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, মেদিনীপুর নতুন বাজার চক থেকে মহতাবপুর শ্মশান চক পর্যন্ত রাস্তার দীর্ঘ অংশ জুড়েই তৈরি হয়েছে অসংখ্য খানাখন্দ।

কোথাও রাস্তার পিচ উঠে গিয়েছে, কোথাও আবার বড় বড় গর্ত তৈরি হয়েছে। বর্ষার পর পরিস্থিতি আরও খারাপ হয়েছে বলে অভিযোগ তাঁদের।এই রাস্তা দিয়ে প্রতিদিন বহু মানুষ যাতায়াত করেন। রামকৃষ্ণ মিশন স্কুল সংলগ্ন হওয়ায় স্কুলপড়ুয়া ও অভিভাবকদেরও নিয়মিত এই রাস্তা ব্যবহার করতে হয়।

ফলে রাস্তার এই বেহাল দশা নিয়ে উদ্বেগ বাড়ছে স্থানীয়দের মধ্যে।বাসিন্দাদের বক্তব্য, পরিবারের সদস্যরা কাজে বেরোন কিংবা ছেলেমেয়েদের স্কুলে পাঠান—প্রতিবারই রাস্তার পরিস্থিতি নিয়ে দুশ্চিন্তায় থাকতে হয়। বিশেষ করে টোটো, মোটরবাইক ও সাইকেল চালকদের জন্য খানাখন্দে ভরা এই রাস্তা যথেষ্ট ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।স্থানীয়দের দাবি, কোনও বড় দুর্ঘটনা ঘটার আগেই প্রশাসনের তরফে দ্রুত পদক্ষেপ করা হোক।