বিশ্বরেকর্ড গড়ে পক প্রণালী জয়, মেদিনীপুরে রাজকীয় সংবর্ধনা আফরিন জাবিকে!

নিজস্ব সংবাদদাতা : বিশ্বরেকর্ড গড়ে পক প্রণালী জয় করে মেদিনীপুরে ফিরলেন ‘জলকন্যা’ Afrin Jabi। আর তাঁর এই ঐতিহাসিক সাফল্যে গর্বে ভাসল গোটা মেদিনীপুর। শহরে ফিরতেই তাঁকে দেওয়া হলো রাজকীয় সংবর্ধনা।ইংলিশ চ্যানেল জয়ের পর এবার ভারত ও শ্রীলঙ্কার মধ্যবর্তী ২৯ কিলোমিটার দীর্ঘ পক প্রণালী অতিক্রম করে নতুন ইতিহাস গড়েছেন Afrin Jabi। তিনি মাত্র ৭ ঘণ্টা ৫ মিনিটে এই জলপথ পাড়ি দিয়েছেন, যা একটি বিশ্বরেকর্ড। এর আগে কোনও মহিলা বা পুরুষ সাঁতারু এত কম সময়ে পক প্রণালী অতিক্রম করতে পারেননি।

গত ৯ এপ্রিল, ভারতীয় সময় ভোর ৩টা ৩৫ মিনিটে শ্রীলঙ্কার থালাইমান্নার থেকে সাঁতার শুরু করেন আফরিন। টানা সাঁতরে সকাল ১০টা ৪০ মিনিটে সফলভাবে পৌঁছে যান তামিলনাড়ুর ধনুষকোটিতে। এই সাফল্যের পর আনন্দে আত্মহারা আফরিন জানিয়েছিলেন, “এটা একটা বড় চ্যালেঞ্জ ছিল, জয় করতে পেরে খুব ভালো লাগছে।”মেদিনীপুর শহরের দেওয়ানবাবা চক এলাকার বাসিন্দা আফরিনের এই অভিযানে তাঁর পাশে ছিলেন বাবা শেখ পিয়ার আলি ও মা সাবিনা পারভীন। মেয়ের সাফল্যে স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত পরিবার। এর আগে ২০২৫ সালের ২৯ জুলাই ইংলিশ চ্যানেল জয় করেছিলেন আফরিন। তখন ৩৪ কিলোমিটার জলপথ অতিক্রম করতে তাঁর সময় লেগেছিল ১৩ ঘণ্টা ১৩ মিনিট।

ইংলিশ চ্যানেল জয়ের পর থেকেই পক প্রণালী জয়ের স্বপ্ন দেখতে শুরু করেন আফরিন। তবে বড় বাধা হয়ে দাঁড়ায় অর্থাভাব। তাঁর কথায়, আগের অভিযানে বাবার সঞ্চিত অর্থের বড় অংশ খরচ হয়ে গিয়েছিল। সেই সময় সাহায্যের হাত বাড়িয়ে দেয় Medinipur Rotary Club এবং Medinipur Rotary Eye Hospital। পক প্রণালী অভিযানের আগে এক অনুষ্ঠানে তাঁকে ৫ লক্ষ ৮৫ হাজার টাকার আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়।

১২ই মে,মঙ্গলবার ট্রেনে খড়্গপুরে পৌঁছন আফরিন। সেখান থেকে হুড খোলা গাড়িতে বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে তাঁকে মেদিনীপুরে নিয়ে আসা হয়। পথে পথে বিভিন্ন জায়গায় ফুলের মালা ও পুষ্পস্তবক দিয়ে তাঁকে সংবর্ধনা জানানো হয়। রাস্তার দু’ধারে দাঁড়িয়ে বহু মানুষ হাত নেড়ে শুভেচ্ছা জানান ‘জলকন্যা’-কে।শোভাযাত্রা পৌঁছয় Medinipur Rotary Eye Hospital-এ। সেখানে রোটারির পক্ষ থেকে আফরিনকে বিশেষ সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাসপাতালের চেয়ারম্যান মদন মোহন মাইতি, প্রশাসক সত্যব্রত রায়, বিশিষ্ট চিকিৎসক ডাঃ ইন্দ্রনীল দেব, সমাজকর্মী চন্দন বসু,মেদিনীপুর সুইমিং ক্লাবের সম্পাদক পল্লব চ্যাটার্জি, ক্রীড়া সংগঠক কুন্দন গোপ, শিক্ষক ও সমাজকর্মী সুদীপ কুমার খাঁড়া সহ বহু বিশিষ্ট ব্যক্তি। সংবর্ধনা মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে Afrin Jabi মেদিনীপুর রোটারি ক্লাব, রোটারি আই হাসপাতাল, মেদিনীপুর সুইমিং ক্লাব এবং জেলার সাধারণ মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি তিনি জানান, তাঁর পরবর্তী লক্ষ্য ক্যাটারিনা প্রণালী জয় করা।