অপরাজিত রাজস্থানের সামনে আজ হায়দরাবাদের কঠিন পরীক্ষা!

নিজস্ব সংবাদদাতা : আইপিএল ২০২৬-এ দুরন্ত ছন্দে থাকা রাজস্থান রয়্যালস আজ সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে মাঠে নামছে শীর্ষস্থান আরও মজবুত করার লক্ষ্যে। চার ম্যাচে চার জয়ে রিয়ান পরাগের নেতৃত্বাধীন রাজস্থান এই মুহূর্তে টুর্নামেন্টের সবচেয়ে ভয়ংকর দল হিসেবে উঠে এসেছে। আজ হায়দরাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে তাদের সামনে বড় চ্যালেঞ্জ ঘরের মাঠে লড়াই করা সানরাইজার্স। রাজস্থানের সাফল্যের মূল চাবিকাঠি হয়ে উঠেছে তাদের বিধ্বংসী ওপেনিং জুটি যশস্বী জয়সওয়াল ও বৈভব সূর্যবংশী। পাওয়ারপ্লেতেই প্রতিপক্ষ বোলিং আক্রমণকে ছিন্নভিন্ন করে দিচ্ছেন দু’জন। এরপর তিন নম্বরে ধ্রুব জুরেলের ধারাবাহিকতা এবং মাঝের ওভারে অধিনায়ক রিয়ান পরাগের শান্ত মাথার ব্যাটিং দলকে আরও শক্তিশালী করেছে। ফলে ব্যাটিং বিভাগে রাজস্থান এখন প্রায় পূর্ণাঙ্গ ইউনিট। শুধু ব্যাটিং নয়, এ বার রাজস্থানের বোলিংও সমান ভয়ঙ্কর। নতুন বলে জোফ্রা আর্চার ও নান্দ্রে বার্গারের গতি, সঙ্গে মাঝের ওভারে রবি বিষ্ণোইয়ের উইকেট তোলার ক্ষমতা—সব মিলিয়ে প্রতিপক্ষকে চাপে রাখছে। তার উপর অলরাউন্ড ভারসাম্য দিতে রয়েছেন রবীন্দ্র জাদেজা, যা স্পিন বিভাগকে আরও কার্যকর করেছে।

অন্যদিকে, সানরাইজার্স হায়দরাবাদ এখনও ধারাবাহিকতা খুঁজে পায়নি। চার ম্যাচে মাত্র একটি জয় তাদের আত্মবিশ্বাসে ধাক্কা দিয়েছে। দলের ভরসা মূলত ট্রাভিস হেড, অভিষেক শর্মা এবং হাইনরিখ ক্লাসেন। বিশেষ করে ক্লাসেনের ব্যাটই এখন পর্যন্ত হায়দরাবাদের ইনিংসকে বারবার টেনে তুলেছে। তবে বোলিং বিভাগে দুর্বলতা এবং প্যাট কামিন্সের অনুপস্থিতি আজকের ম্যাচে তাদের জন্য বড় চিন্তার কারণ। পিচ রিপোর্ট বলছে, হায়দরাবাদের উইকেট ব্যাটারদের জন্য বেশ সহায়ক। পেসাররা সামান্য সুবিধা পেলেও রান ওঠার গতি বেশি থাকার সম্ভাবনা প্রবল। ফলে আজও একটি হাই-স্কোরিং থ্রিলার দেখার অপেক্ষায় ক্রিকেটপ্রেমীরা। রাজস্থানের দুরন্ত ফর্ম থামাতে হলে হায়দরাবাদকে আজ সব বিভাগে নিখুঁত ক্রিকেট খেলতেই হবে।