মধ্যপ্রাচ্যের অস্থিরতায় তেলের বাজারে চাপ, ভারতকে অতিরিক্ত সরবরাহে প্রস্তুত রাশিয়া!
নিজস্ব সংবাদদাতা : মধ্যপ্রাচ্যে সংঘাতের জেরে তেলের সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিতেই ভারতের জন্য বিকল্প জোগান দিতে প্রস্তুত হয়েছে রাশিয়া। সূত্রের খবর, ইতিমধ্যেই প্রায় ৯.৫ মিলিয়ন ব্যারেল রাশিয়ান অপরিশোধিত তেল জাহাজে করে ভারতের জলসীমার কাছাকাছি অবস্থান করছে এবং কয়েক সপ্তাহের মধ্যেই তা দেশে পৌঁছাতে পারে।জ্বালানি বাজারের বিশ্লেষকদের মতে, এই তেল সরবরাহ দ্রুত পৌঁছে গেলে ভারতের রিফাইনারিগুলির উপর চাপ কিছুটা কমবে। মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির কারণে আন্তর্জাতিক তেল বাজারে অনিশ্চয়তা বাড়লেও রাশিয়ার এই উদ্যোগ ভারতকে সাময়িক স্বস্তি দিতে পারে।
তবে প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার বহির্বাণিজ্যিক নৌবহরের পণ্যবাহী জাহাজগুলো মূলত কোন কোন বন্দর থেকে রওনা দিয়েছে বা কোথা থেকে তেল বহন করছে তা স্পষ্ট করে জানানো হয়নি। কিন্তু ধারণা করা হচ্ছে, কয়েক সপ্তাহের মধ্যেই এই তেল ভারতের শোধনাগারগুলিতে পৌঁছাতে পারে, যা জ্বালানি সরবরাহ স্থিতিশীল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।