দাউদের ঘনিষ্ঠ সেলিম দোলা ভারতে! তুরস্ক থেকে প্রত্যর্পণ, আন্তর্জাতিক মাদকচক্রে বড় সাফল্য NCB-র!
নিজস্ব সংবাদদাতা : আন্তর্জাতিক মাদক চক্রে বড়সড় সাফল্য পেল Narcotics Control Bureau (NCB)। কুখ্যাত মাদক পাচারকারী এবং গ্যাংস্টার Dawood Ibrahim-এর ঘনিষ্ঠ সহযোগী মোহাম্মদ সেলিম দোলাকে ভোররাতে তুরস্ক থেকে ভারতে ফিরিয়ে আনা হয়েছে।আন্তর্জাতিক ও ভারতীয় গোয়েন্দা সংস্থাগুলির যৌথ সমন্বয়ে পরিচালিত ‘অপারেশন গ্লোবাল-হান্ট’-এর মাধ্যমে এই সাফল্য আসে। আজ ভোরে Indira Gandhi International Airport-এ পৌঁছানোর সঙ্গে সঙ্গেই দোলাকে নিজেদের হেফাজতে নেয় NCB।
ভারতে একাধিক মাদক পাচার মামলায় অভিযুক্ত দোলা দীর্ঘদিন ধরেই পলাতক ছিল এবং আইন প্রয়োগকারী সংস্থার নাগালের বাইরে ছিল। তদন্তে জানা গিয়েছে, গত কয়েক বছরে সে মধ্যপ্রাচ্য, আফ্রিকা ও ইউরোপ জুড়ে বিস্তৃত এক বিশাল আন্তর্জাতিক মাদক চক্র গড়ে তোলে।দুই দশকেরও বেশি সময় ধরে অপরাধ জগতের সঙ্গে যুক্ত দোলার বিরুদ্ধে মহারাষ্ট্র ও গুজরাটে বিপুল পরিমাণ হেরোইন, চরস, মেফেড্রোন ও মেথামফেটামিন পাচারের অভিযোগ রয়েছে। একাধিক বড়সড় মাদক উদ্ধার অভিযানে তার প্রত্যক্ষ যোগের প্রমাণ মিলেছে বলেও জানিয়েছে তদন্তকারী সংস্থাগুলি।