কেদারনাথে প্রবেশ করতে শর্ত মানতে হবে সারা আলি খান!
নিজস্ব সংবাদদাতা : কেদারনাথ মন্দির ও বদ্রীনাথ মন্দির-এ দর্শন ঘিরে বড় সিদ্ধান্ত নিল মন্দির কমিটি। নতুন নিয়ম অনুযায়ী, অ-হিন্দু দর্শনার্থীরা মন্দিরে পুজো করতে চাইলে আগে হলফনামা জমা দিতে হবে, যেখানে সনাতন ধর্মে তাঁদের বিশ্বাসের কথা লিখিতভাবে উল্লেখ করতে হবে। এই সিদ্ধান্ত প্রকাশ্যে আসতেই দেশজুড়ে শুরু হয়েছে তীব্র বিতর্ক।মঙ্গলবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে বদ্রী-কেদার মন্দির কমিটির চেয়ারম্যান হেমন্ত দ্বিবেদি জানান, যারা অ-হিন্দু হয়েও মন্দিরে প্রবেশ করতে চান, তাঁদের স্পষ্টভাবে লিখিত ঘোষণা দিতে হবে যে তারা সনাতন ধর্মে বিশ্বাসী। তাঁর কথায়, “শুধু মুখে বললেই হবে না, সেই বিশ্বাসের প্রমাণস্বরূপ নথিও জমা দিতে হবে। যারা এই শর্ত মানবেন, তাঁরাই মন্দিরে প্রবেশের অনুমতি পাবেন।”এই বিতর্কের মাঝেই উঠে এসেছে বলিউড অভিনেত্রী সারা আলি খান-এর নাম। একাধিকবার কেদারনাথ সফর করেছেন তিনি এবং সোশ্যাল মিডিয়ায় সেই মুহূর্তও ভাগ করে নিয়েছেন। কমিটির চেয়ারম্যান জানান, সারা যদি লিখিতভাবে সনাতন ধর্মে বিশ্বাসের কথা জানান, তাহলে তাঁর ক্ষেত্রেও মন্দিরে পুজোর অনুমতি দেওয়া হবে।সারার পারিবারিক পরিচয় নিয়েও নতুন করে আলোচনা শুরু হয়েছে। তাঁর বাবা সইফ আলি খান মুসলিম ধর্মাবলম্বী এবং মা অমৃতা সিং শিখ পরিবার থেকে আসা। তবে ধর্ম নিয়ে নিজের অবস্থান বরাবরই স্পষ্ট রেখেছেন সারা। তাঁর মতে, ভারত একটি ধর্মনিরপেক্ষ দেশ এবং সব ধর্মকেই সমানভাবে সম্মান করা উচিত।শুধু কেদারনাথ নয়, দেশের বিভিন্ন তীর্থস্থানে তাঁর উপস্থিতি নজর কেড়েছে—কাশী বিশ্বনাথ মন্দির, মহাকালেশ্বর মন্দির, কামাখ্যা মন্দির, সিদ্ধিবিনায়ক মন্দির—সব জায়গাতেই গিয়েছেন তিনি।যদিও তাঁর এই ধর্মীয় সফর নিয়ে বারবার প্রশ্ন উঠেছে, তবুও নিজের অবস্থান থেকে একচুলও সরেননি সারা। বরং বারবারই জানিয়েছেন, আধ্যাত্মিক শান্তির খোঁজেই তিনি এই তীর্থযাত্রাগুলি করেন। নতুন এই নিয়মের জেরে বিতর্ক আরও বাড়বে, তা বলাই বাহুল্য।