ঘাটালে সায়নী ঘোষের রোড শোয়ে জনজোয়ার, শ্যামলী সর্দারের সমর্থনে উৎসবের আবহ!
নিজস্ব সংবাদদাতা : ১০ এপ্রিল, শুক্রবার ঘাটালে তৃণমূল কংগ্রেস প্রার্থী শ্যামলী সর্দারের সমর্থনে জোরদার প্রচারে নামলেন তৃণমূল নেত্রী সায়নী ঘোষ। তাঁর উপস্থিতিতে আয়োজিত রোড শোকে ঘিরে গোটা এলাকাজুড়ে তৈরি হয় উৎসবের আবহ।রাস্তার দু’ধারে ভিড় জমায় দলীয় কর্মী-সমর্থক থেকে শুরু করে বহু সাধারণ মানুষ। খোলা গাড়ি থেকে হাত নেড়ে সকলকে অভিবাদন জানাতে দেখা যায় সায়নী ঘোষ এবং প্রার্থী শ্যামলী সর্দারকে। তাঁদের এক ঝলক দেখতে ও শুভেচ্ছা জানাতে মানুষের উৎসাহ ছিল চোখে পড়ার মতো।বিপুল সংখ্যক তৃণমূল কর্মী-সমর্থকের অংশগ্রহণে রোড শো ঘিরে কার্যত জনসমুদ্রে পরিণত হয় এলাকা। দলীয় পতাকা, উচ্ছ্বসিত স্লোগান এবং ব্যাপক জনসমাগমে ঘাটালের রাজনৈতিক আবহ যেন নতুন মাত্রা পায়। গোটা কর্মসূচি জুড়ে ছিল উৎসবের আমেজ, যা নির্বাচনী প্রচারে স্পষ্টভাবে বাড়তি গতি এনে দিয়েছে।