চলন্ত স্কুল ভ্যানের দরজা খুলে রাস্তায় ছিটকে পড়ল পাঁচ পড়ুয়া, অল্পের জন্য বড় দুর্ঘটনা এড়াল বেঙ্গালুরু!

নিজস্ব সংবাদদাতা : বেঙ্গালুরুর কে.আর. পুরম এলাকায় শুক্রবার এক চাঞ্চল্যকর দুর্ঘটনা অল্পের জন্য এড়ানো গেল। চলন্ত অবস্থায় একটি স্কুল ভ্যানের পেছনের দরজা হঠাৎ খুলে যাওয়ায় পাঁচজন স্কুলপড়ুয়া রাস্তায় ছিটকে পড়ে। সৌভাগ্যবশত, ঘটনাস্থলে সেই সময় অন্য কোনও যানবাহন না থাকায় বড়সড় বিপদ এড়ানো সম্ভব হয়েছে। জানা গিয়েছে, গায়ত্রী লেআউট এলাকায় স্কুলপড়ুয়াদের নিয়ে যাওয়ার সময় ভ্যানটি একটি গর্তের উপর দিয়ে যাওয়ায় তীব্র ধাক্কা লাগে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, সেই ধাক্কার জেরেই ভ্যানটির পেছনের দরজা খুলে যায়।

দরজার কাছে বসে থাকা পাঁচজন শিশু মুহূর্তের মধ্যেই রাস্তায় ছিটকে পড়ে।পুলিশ সূত্রে খবর, ঘটনায় পড়ুয়ারা সামান্য আঘাত পেলেও বড় ধরনের কোনও ক্ষয়ক্ষতি হয়নি। দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা দ্রুত ছুটে এসে আহত শিশুদের প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন।পুরো ঘটনাটি আশপাশে লাগানো একটি সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে। ইতিমধ্যেই সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। ভাইরাল হওয়া ফুটেজে দেখা যায়, চলন্ত ভ্যানের পেছনের দরজা আচমকাই খুলে যায় এবং কয়েক সেকেন্ডের মধ্যেই একে একে পাঁচজন পড়ুয়া রাস্তায় পড়ে যায়। কিছুটা দূর এগিয়ে যাওয়ার পর চালক বিষয়টি টের পেয়ে ভ্যানটি থামান।