জনকল্যাণ শিবিরে উপচে পড়া ভিড়, সরকারি পরিষেবা পেতে মানুষের উৎসাহ অব্যাহত!

সুমন মান্না : রাজ্য সরকারের উদ্যোগে আয়োজিত জনকল্যাণ শিবিরকে ঘিরে সাধারণ মানুষের উৎসাহ ও উদ্দীপনা দ্বিতীয় দিনেও অব্যাহত থাকল। রাজ্যের বিভিন্ন প্রান্তে অনুষ্ঠিত তিনদিনব্যাপী এই মেগা শিবিরে সরকারি পরিষেবা ও বিভিন্ন সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধা নিতে সকাল থেকেই ভিড় জমাতে দেখা যায় সাধারণ মানুষকে।

অন্নপূর্ণা যোজনা, বিধবা ভাতা, বার্ধক্য ভাতা, প্রধানমন্ত্রী সূর্য ঘর যোজনা, আয়ুষ্মান ভারত, প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি-সহ প্রায় ৫৬টি সরকারি প্রকল্পের সুবিধা ও নতুন আবেদন গ্রহণের জন্য শিবিরগুলিতে ব্যাপক জনসমাগম লক্ষ্য করা যায়। রাজ্যের অন্যান্য এলাকার মতো পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড় ব্লকেও এই কর্মসূচিকে ঘিরে মানুষের উৎসাহ ছিল চোখে পড়ার মতো।নারায়ণগড় ব্লকের বেলদা, বাখরাবাদ এবং মকরামপুর— এই তিনটি স্থানে জনকল্যাণ শিবির অনুষ্ঠিত হচ্ছে। প্রশাসনিক আধিকারিক এবং জনপ্রতিনিধিদের তত্ত্বাবধানে শিবিরের যাবতীয় কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালিত হচ্ছে।

এদিন নারায়ণগড়ের বিধায়ক রমাপ্রসাদ গিরি শিবির পরিদর্শনে এসে লাইনে দাঁড়িয়ে থাকা সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন এবং তাঁদের সমস্যার কথা শোনেন। প্রখর গরম ও তীব্র রোদ উপেক্ষা করেও বহু মানুষ সরকারি প্রকল্পের সুবিধা পাওয়ার আশায় শিবিরে উপস্থিত হন। শিবিরের দ্বিতীয় দিনের সাফল্যের পর এখন নজর শেষ দিনের দিকে। প্রশাসনের আশা, আগামী দিনেও বিপুল সংখ্যক মানুষ এই উদ্যোগের মাধ্যমে সরকারি পরিষেবার সুবিধা গ্রহণ করবেন।