ভোটের আগেই ‘ভোট’! ঘাটাল কলেজে চাঞ্চল্য, প্রিসাইডিং অফিসারের অভিযোগে তোলপাড়!
নিজস্ব সংবাদদাতা : নির্বাচনের আবহে চরম বিতর্কের কেন্দ্রবিন্দুতে ঘাটাল রবীন্দ্র শতবার্ষিকী মহাবিদ্যালয়। এই কলেজেই তৈরি হয়েছে ডিস্ট্রিবিউশন কাম রিসেপশন সেন্টার (ডিসিআরসি), যেখানে ভোটকর্মীরা পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিচ্ছেন এবং প্রয়োজনীয় রেজিস্ট্রেশন শেষে ইভিএম-সহ ভোটের সামগ্রী সংগ্রহ করে কড়া নিরাপত্তার মধ্যে নিজ নিজ ভোটকেন্দ্রে রওনা দিচ্ছেন।কিন্তু এই গোটা প্রক্রিয়ার মধ্যেই সামনে এল এক চাঞ্চল্যকর অভিযোগ, যা ঘিরে শুরু হয়েছে জোর বিতর্ক। ঘাটাল কলেজের ডিসিআরসি সেন্টারে পোস্টাল ব্যালটে ভোট দিতে গিয়ে কার্যত হতবাক হয়ে যান প্রিসাইডিং অফিসার তথা কলেজের অধ্যাপক মাখন সামন্ত।অভিযোগ, ভোট দিতে গিয়ে তিনি জানতে পারেন—তার ভোট নাকি ইতিমধ্যেই পড়ে গেছে! অর্থাৎ, তিনি নিজে ভোট দেওয়ার আগেই তার নামে ভোট পড়ে যাওয়ার ঘটনায় স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে গোটা প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে।ক্ষোভ উগরে দিয়ে মাখন সামন্ত বলেন, “আমি ভোট না দিয়ে কীভাবে আমার ভোট হয়ে গেল, সেটাই বুঝতে পারছি না। আমি নিজে অন্যের ভোটগ্রহণ করতে যাব, অথচ আমি নিজেই ভোট দিতে পারলাম না—এটা অত্যন্ত হতাশাজনক।”এই ঘটনাকে ঘিরে ভোটের আগে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। প্রশাসনের ভূমিকা নিয়েও উঠছে প্রশ্ন। যদিও এখনও পর্যন্ত নির্বাচন কর্তৃপক্ষের তরফে এই বিষয়ে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।ভোটের মতো সংবেদনশীল প্রক্রিয়ায় এমন অভিযোগ সামনে আসায় স্বাভাবিকভাবেই উদ্বেগ বাড়ছে রাজনৈতিক মহল থেকে সাধারণ ভোটারদের মধ্যেও। এখন দেখার, এই অভিযোগের পর প্রশাসন কী পদক্ষেপ গ্রহণ করে এবং পুরো বিষয়টির তদন্ত কতদূর এগোয়।