বেলদায় স্ক্যান সেন্টারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ! ভুল ইউএসজি রিপোর্টে প্রাণসংশয়ের মুখে ৪ মাসের শিশু
নিজস্ব সংবাদদাতা : পশ্চিম মেদিনীপুরের বেলদায় এক বেসরকারি স্ক্যান সেন্টারের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ ঘিরে তীব্র উত্তেজনা ছড়িয়েছে। অভিযোগ, ভুল ইউএসজি (USG) রিপোর্ট দেওয়ার জেরে প্রাণ সংশয়ের মুখে পড়তে পারত মাত্র চার মাসের এক শিশু। ঘটনাকে কেন্দ্র করে বুধবার রাতে স্ক্যান সেন্টারের সামনে বিক্ষোভ দেখান ক্ষুব্ধ পরিবারের সদস্যরা। পরিবার সূত্রে জানা গিয়েছে, নারায়ণগড় ব্লকের তুতরাঙ্গা পঞ্চায়েতের ঠাকুরচক এলাকার বাসিন্দা এক দম্পতি তাঁদের চার মাসের শিশুকে নিয়ে গত ২৬ এপ্রিল বেলদার হসপিটাল রোডের একটি বেসরকারি স্ক্যান সেন্টারে ইউএসজি করাতে আসেন। অভিযোগ, পরীক্ষার পর যে রিপোর্ট দেওয়া হয়, তাতে গুরুতর অসঙ্গতি ছিল। শিশুর পরিবারের দাবি, রিপোর্ট হাতে পাওয়ার পরই সন্দেহ তৈরি হয়।
এরপর তাঁরা অন্য একটি নির্ভরযোগ্য কেন্দ্রে পুনরায় পরীক্ষা করান। সেখানকার রিপোর্টে আগের রিপোর্টের সঙ্গে বিস্তর অমিল ধরা পড়ে। এতে চাঞ্চল্য ছড়ায় পরিবারের মধ্যে। পরিবারের এক সদস্যের কথায়,"অল্পের জন্য বড় বিপদ থেকে বেঁচে গেল বাচ্চাটা। ওই ভুল রিপোর্টের ওপর ভিত্তি করে চিকিৎসা শুরু হলে কী হতো, সেটা ভাবতেই ভয় লাগছে!" ঘটনার প্রতিবাদে বুধবার রাতে পরিবার ও স্থানীয়রা স্ক্যান সেন্টারের সামনে জড়ো হয়ে বিক্ষোভ দেখান। পরিস্থিতি কিছু সময়ের জন্য উত্তপ্ত হয়ে ওঠে। অন্যদিকে, অভিযোগ অস্বীকার করেছে স্ক্যান সেন্টার কর্তৃপক্ষ। তাঁদের দাবি, রিপোর্টে কোনও ভুল নেই। বরং পুরো বিষয়টি নিশ্চিত করতে এমআরআই (MRI) পরীক্ষা করার পরামর্শ দেওয়া হয়েছে বলেও জানান তারা। এই ঘটনায় চিকিৎসা ব্যবস্থার গাফিলতি নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে।