পুজোর আগে সরকারি পরিষেবার সুযোগ, মেদিনীপুরে শুরু ‘সেবা সেতু অভিযান’!
সেখ ওয়ারেশ আলী : পুজোর আগেই সাধারণ মানুষের কাছে বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা পৌঁছে দিতে শুক্রবার, ২ অক্টোবর থেকে শুরু হল ‘বিকশিত ভারতের সংকল্প জনকল্যাণ শিবির’, অর্থাৎ ‘সেবা সেতু অভিযান’। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে মেদিনীপুর পৌরসভার বিভিন্ন এলাকায় এই বিশেষ শিবিরের আয়োজন করা হয়েছে।শুক্রবার বিভিন্ন শিবিরে গিয়ে পরিষেবার পরিস্থিতি খতিয়ে দেখেন মেদিনীপুরের বিধায়ক ড. শঙ্কর কুমার গুছাইত। মেদিনীপুর পৌরসভার উদ্যোগে বিদ্যাসাগর মেমোরিয়াল হল, পৌরসভার মিটিং হল, রাঙামাটি কলেজ-সহ একাধিক কেন্দ্রে শিবির বসেছে।আগামী ৪ অক্টোবর, রবিবার পর্যন্ত তিন দিন ধরে চলবে এই কর্মসূচি।
প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সাধারণ মানুষের জন্য খোলা থাকবে শিবিরগুলি।এই শিবিরের মাধ্যমে অন্নপূর্ণা যোজনা, আয়ুষ্মান ভারত, পিএম কিষান ক্রেডিট কার্ড, প্রধানমন্ত্রী আবাস যোজনা, বার্ধক্য ভাতা ও বিধবা ভাতা-সহ মোট ২০টি গুরুত্বপূর্ণ সরকারি প্রকল্পে নতুন করে আবেদন করার সুযোগ থাকছে। বিশেষত, যাঁরা আগে বিভিন্ন সামাজিক সুরক্ষা প্রকল্পে আবেদন করতে পারেননি বা কোনও কারণে সুবিধা থেকে বঞ্চিত হয়েছেন, তাঁদের জন্যও ফের আবেদন করার সুযোগ রাখা হয়েছে।শুধু আবেদন গ্রহণ নয়, উপভোক্তাদের সুবিধার কথা মাথায় রেখে শিবিরগুলিতে একাধিক পরিষেবার ব্যবস্থাও করা হয়েছে। রয়েছে স্বাস্থ্য পরীক্ষা শিবির, ব্রেস্ট ফিডিং সেন্টার, ই-কেওয়াইসি কেন্দ্র এবং ব্যাঙ্কিং লেনদেনের কাউন্টার। ফলে একই জায়গায় বিভিন্ন পরিষেবা পাওয়ার পাশাপাশি প্রয়োজনীয় নথি ও তথ্য আপডেট করার সুযোগ পাচ্ছেন সাধারণ মানুষ।এর পাশাপাশি প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা-র আওতায় সৌরবিদ্যুৎ সংক্রান্ত পরিষেবার ব্যবস্থাও রাখা হয়েছে।পুজোর আগে সরকারি প্রকল্প ও পরিষেবার সুযোগ মানুষের কাছে পৌঁছে দিতে নেওয়া এই উদ্যোগে বিভিন্ন শিবিরে সাধারণ মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।