জলবন্দি কোলাঘাটের একাধিক গ্রাম, দ্রুত জল নিষ্কাশন ও খাল সংস্কারের দাবিতে ডেপুটেশন

নিজস্ব সংবাদদাতা: সাম্প্রতিক অতিবর্ষণের পর প্রায় দু’মাস কেটে গেলেও পূর্ব মেদিনীপুরের কোলাঘাট ব্লকের বেশ কয়েকটি এলাকা এখনও জলবন্দি। জমা জল দ্রুত নিষ্কাশন, নিকাশি খাল সংস্কার এবং দীর্ঘমেয়াদি জলনিকাশি প্রকল্পের পূর্ণাঙ্গ রূপায়ণের দাবিতে জেলা পরিষদের সভাধিপতিকে স্মারকলিপি দিল কৃষক সংগ্রাম পরিষদ।বুধবার পরিষদের পক্ষ থেকে পূর্ব মেদিনীপুর জেলা পরিষদ দফতরে গিয়ে সভাধিপতির হাতে ১৭ দফা দাবিসংবলিত স্মারকলিপি তুলে দেওয়া হয়। প্রতিনিধিদলে ছিলেন পরিষদের সম্পাদক নারায়ণ চন্দ্র নায়ক, সহকারী সম্পাদক সত্যচরণ মণ্ডল এবং সোয়াদিঘী খাল সংস্কার সমিতির সহ-সভাপতি নিবাস মানিক-সহ অন্যান্যরা।কৃষক সংগ্রাম পরিষদের দাবি, দীর্ঘদিন ধরে জল জমে থাকায় কোলাঘাট ব্লকের একাধিক গ্রামের বাসিন্দাদের স্বাভাবিক জনজীবন ব্যাহত হচ্ছে। তাই অবিলম্বে জলবন্দি এলাকাগুলিতে জমে থাকা জল নিষ্কাশনের ব্যবস্থা করতে হবে। পাশাপাশি আগামী বর্ষার আগেই দেনান ও দেহাটি খালের পূর্ণাঙ্গ সংস্কার করে দেনান খালের সঙ্গে দেহাটি খালকে সংযুক্ত করার মাধ্যমে ‘দেনান-দেহাটি জলনিকাশি প্রকল্প’ সম্পূর্ণ করার দাবি জানানো হয়েছে।এছাড়াও খড়িচক, চাপদা-গাজই-সহ বিভিন্ন নিকাশি খালের সংস্কার এবং জলনিকাশি ব্যবস্থার উন্নতির দাবিও জানানো হয়। পরিষদের বক্তব্য, দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে খালগুলির সংস্কার না হলে আগামী বর্ষাতেও একই সমস্যার পুনরাবৃত্তি হতে পারে।ডেপুটেশন গ্রহণের পর জেলা পরিষদের সভাধিপতি দাবিগুলির যৌক্তিকতা স্বীকার করেন বলে কৃষক সংগ্রাম পরিষদের পক্ষ থেকে জানানো হয়েছে। তিনি পাঁশকুড়া-১ ও তমলুকের ইরিগেশন এসডিও-কে ফোন করে দ্রুত জল নিষ্কাশনের বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন।পাশাপাশি নন্দীগ্রাম উপনির্বাচন পর্ব মিটে যাওয়ার পর সেচ দফতর ও প্রশাসনের আধিকারিক এবং জনপ্রতিনিধিদের নিয়ে বৈঠক করার আশ্বাসও দেওয়া হয়েছে। আগামী বর্ষার আগেই প্রয়োজনীয় খাল সংস্কার এবং দেনান-দেহাটি জলনিকাশি প্রকল্পের পূর্ণাঙ্গ রূপায়ণে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে সভাধিপতি আশ্বাস দিয়েছেন।দীর্ঘদিনের জলাবদ্ধতার দ্রুত সমাধানের দাবিতে এই উদ্যোগের পর প্রশাসন বাস্তবে কত দ্রুত পদক্ষেপ করে, এখন সেদিকেই তাকিয়ে কোলাঘাটের জলবন্দি এলাকার বাসিন্দারা।