ভোটার তালিকায় চরম বিভ্রাট! ‘বিচারাধীন’ দেখাচ্ছে নাম, বিতর্কে নির্বাচন কমিশন!

নিজস্ব সংবাদদাতা : বিধানসভা ভোটের আগে ভোটার তালিকা প্রকাশ ঘিরে বড়সড় প্রযুক্তিগত বিভ্রাটে তীব্র চাঞ্চল্য ছড়াল রাজ্যজুড়ে। ২৩শে মার্চ সোমবার রাতে অতিরিক্ত (সাপ্লিমেন্টারি) ভোটার তালিকা প্রকাশ হলেও প্রথমে কার নাম যুক্ত হয়েছে বা বাদ পড়েছে—তা দেখা যাচ্ছিল না। দীর্ঘ প্রতীক্ষার পর ২৪শে মার্চ মঙ্গলবার গভীর রাতে নির্বাচন কমিশনের ওয়েবসাইটে তালিকা দৃশ্যমান হয়।তবে তালিকা সামনে আসতেই শুরু হয় নতুন বিতর্ক। বহু ভোটার নিজেদের এপিক নম্বর দিয়ে স্টেটাস যাচাই করতে গিয়ে দেখেন, বৈধ ভোটার হওয়া সত্ত্বেও তাঁদের নামের পাশে ‘বিচারাধীন’ (Under Consideration) দেখাচ্ছে। বিষয়টি নিয়ে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক বিভ্রান্তি তৈরি হয়।সবচেয়ে চমকপ্রদ দাবি আসে রাজনৈতিক মহল থেকে। অভিযোগ, অভিষেক বন্দ্যোপাধ্যায়-এর নামের পাশেও ‘বিচারাধীন’ দেখাচ্ছিল, অন্যদিকে শুভেন্দু অধিকারী-এর নাম নাকি ‘ডিলিটেড’ অর্থাৎ মুছে ফেলা হয়েছে বলে দেখায়। যদিও এই দাবিগুলি নিয়ে পরবর্তীতে স্পষ্টীকরণ দেয় কমিশন।নির্বাচন কমিশন জানায়, সম্পূর্ণ ঘটনাটি একটি সাময়িক প্রযুক্তিগত ত্রুটির ফল। প্রায় দু’ঘণ্টা ধরে ওয়েবসাইটে ভুল তথ্য প্রদর্শিত হয়েছিল, যা দ্রুত ঠিক করে ফেলা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক বলে দাবি কমিশনের।উল্লেখ্য, ২৩ মার্চ গভীর রাতে বিচারাধীন ভোটারদের প্রথম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করা হলেও, তার ২৪ ঘণ্টা পরও বহু জায়গায় তথ্য দেখা যাচ্ছিল না। কোথাও তথ্য আংশিক দৃশ্যমান হলেও তা ডাউনলোড করা যাচ্ছিল না। এই সমস্ত সমস্যার মাঝেই মঙ্গলবার রাতে আচমকা ওয়েবসাইটে রাজ্যের প্রায় সমস্ত ভোটারকে ‘বিচারাধীন’ হিসেবে দেখানো শুরু হয়, যা ঘিরে তৈরি হয় তীব্র উদ্বেগ।এই ঘটনায় ভোটের আগে নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা ও প্রযুক্তিগত প্রস্তুতি নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। যদিও কমিশন আশ্বাস দিয়েছে, ভবিষ্যতে যাতে এমন বিভ্রাট না ঘটে, তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।