যাদবপুরে কথাকাহনের শারদ অনুষ্ঠান, উন্মোচিত ৩৭টি গ্রন্থ; দশ মহিলাকে ‘দশভূজা দুর্গা সম্মান’
নিজস্ব সংবাদদাতা: সাহিত্য ও সংস্কৃতির বর্ণাঢ্য আয়োজনে যাদবপুরে অনুষ্ঠিত হল কথাকাহন প্রকাশনীর শারদ অনুষ্ঠান। গত ১৩ অক্টোবর ২০২৬ যাদবপুর সংস্কৃতিক মঞ্চে আয়োজিত এই অনুষ্ঠানে প্রায় ২০০ জন কবি ও সাহিত্যিক অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল ৩৭টি গ্রন্থের মোড়ক উন্মোচন এবং কথাকাহন প্রকাশনীর শারদ সংখ্যা ১৪৩৩-এর প্রকাশ।সাহিত্যচর্চা, শিক্ষা ও সমাজসেবায় উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতিস্বরূপ অনুষ্ঠানে বিশিষ্ট সাহিত্যিক ও ইতিহাস গবেষক ড. আকবর আলি শাহকে ‘কথাকাহন শিক্ষাব্রতী রৌপ্য কলম সম্মান ২০২৬’ প্রদান করা হয়। পাশাপাশি, সমাজের বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য দশজন বিশিষ্ট মহিলাকে ‘দশভূজা দুর্গা সম্মান’-এ ভূষিত করা হয়।এ ছাড়াও স্বর্ণপদক সম্মাননা প্রদান করা হয় সুব্রত মুন্সী, রানা বিশ্বাস ও মলয় কান্তি মাখালকে। অনুষ্ঠানে তাঁদের হাতে সম্মাননা তুলে দেওয়া হয় বলে আয়োজক সূত্রে জানা গিয়েছে।অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. সমুদ্র বসু, লিলি বাগচী-সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। সাহিত্য ও সম্মাননা প্রদানের পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠানও আয়োজন করা হয়। সাংস্কৃতিক পর্বে নৃত্য পরিবেশন করে নৃত্যাঙ্গন ডান্স একাডেমি। অন্যদিকে, ৩০ জন কবি স্বরচিত কবিতা পাঠ করে অনুষ্ঠানে সাহিত্যরসের আবহ তৈরি করেন।গ্রন্থপ্রকাশ, কবিতা পাঠ, গুণীজনদের সম্মাননা প্রদান এবং সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে শারদ অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে। অনুষ্ঠানের শেষে উপস্থিত অতিথি, কবি, সাহিত্যিক ও অংশগ্রহণকারীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন কথাকাহন প্রকাশনীর কর্ণধার অপূর্ব হালদার।সাহিত্য ও সংস্কৃতির মেলবন্ধনে আয়োজিত এই অনুষ্ঠান নতুন লেখক, কবি ও সাহিত্যপ্রেমীদের একত্রিত করার পাশাপাশি বাংলা সাহিত্যচর্চাকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।