শুধু গোল নয়, ভাইদের গল্পেও রঙিন ২০২৬ বিশ্বকাপ

নিজস্ব সংবাদদাতা : এবারের বিশ্বকাপে শুধু ফুটবলের লড়াই নয়, মাঠে দেখা যাচ্ছে পারিবারিক বন্ধনেরও এক অনন্য ছবি। বিভিন্ন দেশের জার্সিতে খেলতে নেমেছেন একাধিক সহোদর ফুটবলার। একই পরিবারের সদস্য হয়েও কেউ খেলছেন একই দলের হয়ে, আবার কেউ প্রতিনিধিত্ব করছেন ভিন্ন দুই দেশকে। বিশ্ব ফুটবলে এমন দৃশ্য বিরল হলেও ২০২৬ বিশ্বকাপে সেটিই অন্যতম আকর্ষণে পরিণত হয়েছে। সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে ব্রায়ান ব্রবি–ডেরিক লুকাসেন জুটি। একই মায়ের সন্তান হলেও ব্রায়ান ব্রবি খেলছেন নেদারল্যান্ডসের হয়ে, আর তাঁর সৎ ভাই ডেরিক লুকাসেন প্রতিনিধিত্ব করছেন ঘানাকে। বিশ্বকাপের মঞ্চে দুই ভাইয়ের দুই ভিন্ন দেশের জার্সি গায়ে নামা ফুটবল ইতিহাসে বিরল এক অধ্যায় হিসেবে বিবেচিত হচ্ছে। দুই ভাই এখনও পর্যন্ত তাদের দলের হয়ে গোলও করেছে।

এছাড়া ভিন্ন দেশের হয়ে খেলছেন ইনিয়াকি উইলিয়ামস (ঘানা)–নিকো উইলিয়ামস (স্পেন), দেজিরে দুয়ে (ফ্রান্স)–গুয়েলা দুয়ে (আইভরি কোস্ট) এবং হ্যারি সাউটার (অস্ট্রেলিয়া)–জন সাউটার (স্কটল্যান্ড)। অন্যদিকে একই দেশের হয়ে মাঠে নেমেছেন থিও ও লুকাস হার্নান্দেজ (ফ্রান্স), লারোস ও ডেরয় দুয়ার্তে (কেপ ভার্দে), লিয়ান্দ্রো ও জুনিনিয়ো বাকুনা (কুরাসাও) এবং কুইন্টেন ও ইউরিয়েন টিম্বার (নেদারল্যান্ডস)—যদিও চোটের কারণে ইউরিয়েন শেষ পর্যন্ত বিশ্বকাপে খেলতে পারেননি।