স্নেহার মৃত্যুর ন্যায়বিচারের দাবিতে মেদিনীপুরে মৌন মিছিল
মোমবাতি হাতে, কালো ব্যাজ পরে শহর পরিক্রমা; কালেক্টরেট মোড়ে মিছিলের সমাপ্তি, উপস্থিত মৃতার মা-বাবা
সেখ ওয়ারেশ আলী:বিয়ের কয়েক মাসের মধ্যেই তরুণী বধূ স্নেহা চক্রবর্তীর অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় ন্যায়বিচারের দাবিতে মৌন মিছিল করলেন মেদিনীপুর শহরের বিধাননগর এলাকার বাসিন্দা ও মৃতার পরিজনেরা। মোমবাতি হাতে এবং কালো ব্যাজ পরে শহর পরিক্রমা করে মিছিলটি শেষ হয় মেদিনীপুরের কালেক্টরেট মোড়ে। মিছিলে উপস্থিত ছিলেন স্নেহার মা ও বাবা ধ্রুব চক্রবর্তী। তাঁদের দাবি, এই ঘটনার নিরপেক্ষ তদন্ত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার মেদিনীপুর শহর সংলগ্ন যমুনা বালিতে স্নেহার শ্বশুরবাড়ি থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়ায়। স্নেহার বাপের বাড়ির পক্ষ থেকে থানায় খুনের অভিযোগ দায়ের করা হয়। সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ স্নেহার স্বামী রণদীপ জানা এবং তাঁর বাবাকে গ্রেফতার করেছে।স্নেহার মৃত্যুকে ঘিরে পরিবার ও পরিচিত মহলে শোকের পাশাপাশি ক্ষোভও তৈরি হয়েছে। তাঁর প্রতিবেশী, আত্মীয়স্বজন ও বন্ধু-বান্ধবদের একাংশের দাবি, স্নেহা আত্মহত্যা করতে পারেন না। তাঁদের অভিযোগ, তাঁকে খুন করা হয়েছে। যদিও মৃত্যুর প্রকৃত কারণ পুলিশ প্রশাসনের কাছে ময়না তদন্তের রিপোর্ট আসার পর স্পষ্ট হবে।
স্নেহার মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটন এবং ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবিতে মৌন মিছিল থেকে সরব হন অংশগ্রহণকারীরা। মোমবাতি ও কালো ব্যাজের মাধ্যমে শোক প্রকাশের পাশাপাশি তাঁরা ন্যায়বিচারের দাবি জানান।