জলবন্দি অসম! ১২ জেলায় ভয়াবহ বন্যা, ৭ লক্ষের বেশি মানুষ বিপর্যস্ত!

নিজস্ব সংবাদদাতা : অসমে বন্যা পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, রাজ্যের ১২টি জেলায় এখনও পর্যন্ত ৭ লক্ষ ৫ হাজার ১৪৮ জন মানুষ বন্যার কবলে পড়েছেন। মৃতের সংখ্যা বেড়ে ৬৬ থেকে ৬৮-তে পৌঁছেছে। পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কা প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা।

উচ্চ অসমের শিবসাগর, জোরহাট ও চরাইদেও-সহ একাধিক জেলার বিস্তীর্ণ এলাকা জলের তলায়। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিবসাগর জেলা। এছাড়াও গোলাঘাট, ডিব্রুগড়, হোজাই, নগাঁও, বিশ্বনাথ, ধেমাজি, শোণিতপুর, কামরূপ (মেট্রো) এবং কার্বি আংলং-সহ মোট ১২টি জেলা বন্যার কবলে রয়েছে।

প্রশাসনের তথ্য অনুযায়ী, এখনও ৮৫৬টি গ্রাম জলমগ্ন। ৫৬ হাজার ৬০৬ হেক্টরেরও বেশি কৃষিজমি জলের তলায় চলে গিয়েছে। পরিস্থিতি মোকাবিলায় ক্ষতিগ্রস্ত জেলাগুলিতে ৩৬৩টি ত্রাণশিবির খোলা হয়েছে। সেখানে আশ্রয় নিয়েছেন বহু মানুষ।

বন্যার ভয়াবহ প্রভাব পড়েছে পশুপালনেও। গত ২৪ ঘণ্টায় ১৭ হাজার ১০৭টি গবাদি পশু ও হাঁস-মুরগি ভেসে গিয়েছে। সব মিলিয়ে ৩ লক্ষেরও বেশি পশু বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে।মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা পরিস্থিতিকে ‘অত্যন্ত ভয়াবহ’ বলে মন্তব্য করেছেন। তাঁর আশঙ্কা, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। উদ্ধার ও ত্রাণকাজে সেনাবাহিনী, ভারতীয় বায়ুসেনা, এনডিআরএফ এবং রাজ্য প্রশাসন যুদ্ধকালীন তৎপরতায় কাজ করছে।

আসামে ক্রমশ ভয়াবহ হয়ে উঠছে বন্যা পরিস্থিতি। লাগাতার ভারী বৃষ্টিতে একের পর এক এলাকা প্লাবিত হওয়ায় বিপর্যস্ত সাধারণ মানুষের জীবন। এই ভয়াবহ পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন জনপ্রিয় গায়ক পাপন।বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষদের নানা সমস্যার কথা তুলে ধরে সাহায্যের আবেদন জানিয়েছেন এই সঙ্গীতশিল্পী। তাঁর কথায়, বিপর্যস্ত মানুষের পাশে দাঁড়ানো এখন অত্যন্ত জরুরি। বন্যার কারণে বহু মানুষ ঘরছাড়া হয়েছেন, ব্যাহত হয়েছে স্বাভাবিক জনজীবন এবং দেখা দিয়েছে খাবার, পানীয় জল ও প্রয়োজনীয় সামগ্রীর সংকট।