এসআইআর-এ কোন স্থায়ী বসবাসের শংসাপত্র বৈধ? স্পষ্ট নির্দেশ নির্বাচন কমিশনের!

অভিজিৎ সাহা : ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ায় স্থায়ী বসবাসের শংসাপত্র কোন ক্ষেত্রে বৈধ নথি হিসেবে গণ্য হবে, তা নিয়ে স্পষ্ট নির্দেশিকা জারি করল নির্বাচন কমিশন। শনিবার রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক (সিইও)-এর দফতরে পাঠানো এক চিঠিতে কমিশন জানিয়ে দিয়েছে, নির্দিষ্ট কিছু আধিকারিকের দেওয়া শংসাপত্রই কেবল এসআইআর-এর কাজে গ্রহণযোগ্য হবে।কমিশনের নির্দেশ অনুযায়ী, জেলাশাসক, অতিরিক্ত জেলাশাসক, মহকুমাশাসক এবং কলকাতার ক্ষেত্রে কালেক্টরের জারি করা স্থায়ী বসবাসের শংসাপত্র বৈধ বলে ধরা হবে।

পাশাপাশি উল্লেখ করা হয়েছে, শংসাপত্রগুলি অবশ্যই পশ্চিমবঙ্গ সরকারের ১৯৯৯ সালের নির্ধারিত নিয়ম মেনে তৈরি হতে হবে। এই নির্দেশ কঠোরভাবে কার্যকর করার জন্য এসআইআর-এর কাজে নিযুক্ত সমস্ত আধিকারিককে বিষয়টি জানিয়ে দেওয়ারও নির্দেশ দিয়েছে কমিশন।জানা গিয়েছে, স্থানীয় জনপ্রতিনিধি বা ব্লক উন্নয়ন আধিকারিক (বিডিও)-এর দফতর থেকেও বিভিন্ন সময়ে স্থায়ী বসবাসের শংসাপত্র দেওয়া হয়ে থাকে।

তবে এসআইআর-এর ক্ষেত্রে কোন শংসাপত্র গ্রহণযোগ্য হবে, তা নিয়ে বিভ্রান্তি তৈরি হওয়ায় কমিশন এই স্পষ্টীকরণ দিয়েছে বলেই অনুমান করা হচ্ছে। যদিও কমিশন কেন ঠিক এই সময় চিঠি পাঠাল, সে বিষয়ে এখনও কোনও আনুষ্ঠানিক ব্যাখ্যা মেলেনি। উল্লেখ্য, পূর্বঘোষিত সূচি অনুযায়ী শনিবারই ছিল রাজ্যে এসআইআর শুনানির শেষ দিন। কিন্তু শুক্রবার পর্যন্ত বিভিন্ন এলাকায় শুনানি সম্পূর্ণ না হওয়ার খবর মিলেছে। ফলে সময়সীমা বাড়ানো হবে কি না, তা নিয়েও জল্পনা শুরু হয়েছে। তবে এই প্রতিবেদন লেখা পর্যন্ত কমিশনের তরফে এ বিষয়ে কোনও চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হয়নি।