SIR দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ: মোট ৩৭ লক্ষের মধ্যে ১৪ লক্ষ ভোটারের নাম বাদ, আরও ২৩ লক্ষের নিষ্পত্তি বাকি!

নিজস্ব সংবাদদাতা: নির্বাচন কমিশন অবশেষে এসআইআর–এর দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করেছে। সোমবার প্রথম ধাপে প্রায় ১০ লক্ষ বিবেচনাধীন (Under Adjudication) ভোটারের তালিকা প্রকাশের পর শুক্রবার রাতে সাড়ে ১১টায় দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা ঘোষণা করা হয়। এতে প্রায় ১২ লক্ষ ভোটারের বিবেচনাধীন নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। এর ফলে দু’দফায় মোট প্রায় ২২ লক্ষ ভোটারের বিবেচনাধীন নাম গৃহীত হয়েছে। কমিশনের নথি অনুযায়ী, ২৭ মার্চ পর্যন্ত মোট ৩৭ লক্ষ ভোটারের নামের নিষ্পত্তি সম্পন্ন হয়েছে। এর মধ্যে প্রায় ১৪ লক্ষ ভোটার বা ৪০ শতাংশের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে। এখনও ২৩ লক্ষ ভোটারের নাম নিষ্পত্তি বাকি রয়েছে। প্রথম দফায় প্রকাশিত অতিরিক্ত তালিকার সময় কমিশন জানিয়েছিল, মোট ৬০ লক্ষ বিবেচনাধীন ভোটারের মধ্যে ২৯ লক্ষের নিষ্পত্তি হয়েছে। কিন্তু তখন মাত্র ১০ লক্ষ ভোটারের নাম ই-সাইন সম্পন্ন হওয়ায় তালিকা প্রকাশ করা হয়েছিল। দ্বিতীয় দফায় প্রকাশিত তালিকা সহ এখন পর্যন্ত মোট ২২ লক্ষ নামের তালিকা প্রকাশিত হয়েছে।নির্বাচন কমিশনের সূত্রে জানা গেছে, ৭ লক্ষ ভোটারের নাম ই-সাইনের কারণে এখনও আটকে রয়েছে। প্রক্রিয়া শেষে কোন ভোটারের নাম তালিকা থেকে বাদ যাবে বা সম্পূর্ণ গৃহীত হবে, তা শীঘ্রই পরবর্তী তালিকায় স্পষ্ট হবে। শুধু গতকালের তালিকায়ই ৩৫–৪০ শতাংশ নাম বাদ পড়েছে। কমিশন আগামী শুক্রবার বা পরের সপ্তাহের সোমবার আবার নতুন তালিকা প্রকাশ করবে কি না, নাকি এবার থেকে প্রতিদিন ই-সাইন হওয়া নামের ভিত্তিতে তালিকা প্রকাশ করা হবে, তা দু’একদিনের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে বলে একটি সূত্র জানিয়েছে।