যে মাঠে বিজেপিতে যোগ, ছয় বছর পর সেই মেদিনীপুরেই মুখ্যমন্ত্রী শুভেন্দু!

সেখ ওয়ারেশ আলী : কলেজ-কলেজিয়েট মাঠে সম্ভাব্য জনসভা ঘিরে জোর চর্চা, উন্নয়ন নিয়ে বার্তার অপেক্ষায় জেলা!একসময় যে মেদিনীপুর কলেজ-কলেজিয়েট মাঠে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগ দিয়েছিলেন, প্রায় ছয় বছর পর সেই একই মাঠে ফেরার সম্ভাবনা তৈরি হয়েছে তাঁর। তবে এবার রাজনৈতিক পরিচয়ের প্রেক্ষাপট সম্পূর্ণ ভিন্ন। ২০২০ সালে বিজেপিতে যোগদানের সময় তিনি ছিলেন বিরোধী শিবিরের অন্যতম গুরুত্বপূর্ণ মুখ; আর ২০২৬ সালে রাজনৈতিক পালাবদলের পর তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে মেদিনীপুরে ফিরতে চলেছেন।গত ৩০ সেপ্টেম্বর ঘাটালের বীরসিংহে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মভিটে পরিদর্শনে গিয়ে মেদিনীপুর শহরে আসার কথা জানান মুখ্যমন্ত্রী। একইসঙ্গে ঐতিহাসিক কলেজ-কলেজিয়েট মাঠে জনসভা করার কথাও জানান তিনি।

এরপর থেকেই তাঁর সম্ভাব্য সফরকে ঘিরে রাজনৈতিক ও প্রশাসনিক মহলে শুরু হয়েছে আলোচনা।২০২০ সালের ১৯ ডিসেম্বর এই মেদিনীপুর কলেজ-কলেজিয়েট মাঠেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উপস্থিতিতে বিজেপিতে যোগ দেন শুভেন্দু অধিকারী। সেই সভার মঞ্চ থেকেই তিনি আনুষ্ঠানিকভাবে বিজেপির পতাকা হাতে তুলে নেন। ঘটনাটি সেই সময় রাজ্য রাজনীতিতে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিল।পরবর্তী সময়ে ২০২১ সালের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম কেন্দ্র থেকে জয়ী হয়ে শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতার দায়িত্ব নেন। এরপর দীর্ঘ রাজনৈতিক পথ পেরিয়ে ২০২৬ সালের রাজনৈতিক পালাবদলের পর মুখ্যমন্ত্রীর দায়িত্বে আসেন তিনি।ফলে একই মাঠে তাঁর সম্ভাব্য প্রত্যাবর্তন ঘিরে রাজনৈতিক তাৎপর্য নিয়ে চর্চা শুরু হয়েছে।

তবে জনসভার মূল আকর্ষণ শুধু রাজনৈতিক বক্তব্য নয়, পশ্চিম মেদিনীপুরের উন্নয়ন নিয়ে মুখ্যমন্ত্রী কী ঘোষণা করেন, সেদিকেও নজর থাকবে।জেলার পরিকাঠামো, যোগাযোগ ব্যবস্থা, শিল্প ও কর্মসংস্থান, বন্যা নিয়ন্ত্রণ এবং বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্প—একাধিক বিষয় নিয়ে জেলা প্রশাসন ও সাধারণ মানুষের প্রত্যাশা রয়েছে। সম্প্রতি ঘাটাল মাস্টার প্ল্যান নিয়েও বড় আর্থিক বরাদ্দের ঘোষণা করা হয়েছে, ফলে মেদিনীপুর সফরে উন্নয়নমূলক প্রকল্পের প্রসঙ্গ আরও গুরুত্ব পেতে পারে।তবে এখনও জনসভার নির্দিষ্ট তারিখ, সময় এবং চূড়ান্ত কর্মসূচি প্রকাশ্যে না এলে সফরের পূর্ণাঙ্গ রূপরেখা স্পষ্ট হবে না। সেই ঘোষণার অপেক্ষাতেই এখন রাজনৈতিক মহল থেকে শুরু করে জেলার সাধারণ মানুষ।একই মাঠ—একই রাজনৈতিক ব্যক্তিত্ব—কিন্তু সময়ের ব্যবধানে বদলে গিয়েছে তাঁর রাজনৈতিক পরিচয়। ২০২০-এর সেই স্মৃতিবিজড়িত মেদিনীপুর কলেজ-কলেজিয়েট মাঠে মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারীর সম্ভাব্য সভা তাই স্বাভাবিকভাবেই জেলার রাজনীতিতে নতুন আলোচনার কেন্দ্র হয়ে উঠেছে।