স্মার্ট মিটার বাধ্যতামূলক নয়, ২০২৭-এর জানুয়ারি থেকে মাসে মাসে বিদ্যুৎ বিল: বিধানসভায় বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

নিজস্ব সংবাদদাতা : স্মার্ট মিটার নিয়ে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় তিনি জানান, রাজ্যের প্রতিটি বাড়িতে স্মার্ট মিটার বসানো বাধ্যতামূলক নয়। ২০২৭ সালের জানুয়ারি থেকে রাজ্যে প্রতি মাসে বিদ্যুতের বিল পাঠানো হবে। বিধানসভায় বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নির্দেশে ভারত সরকার ডোমেস্টিকের ক্ষেত্রে স্মার্ট মিটার লাগানো বাধ্যতামূলক করছে না।” স্মার্ট মিটার ইস্যুতে বামপন্থীদের আন্দোলন নিয়েও কটাক্ষ করেন তিনি। তাঁর দাবি, এই ঘোষণার পর বামপন্থীদের আন্দোলনের ‘হাওয়া বেরিয়ে যাবে’। মুখ্যমন্ত্রী বলেন, “মিছিল করার সুযোগ পাবেন না বামপন্থীরা। বামপন্থীদের হাওয়া বেরিয়ে যাবে। যাদবপুর পার্টি সাবধান থাকুন। উস্কানি দিতে শুরু করেছেন। বেশি বাড়তে দেব না। এটা দুর্বল সরকার নয়, এটা শক্তিশালী সরকার।” এদিন বক্রেশ্বরে নতুন তাপবিদ্যুৎ কেন্দ্র তৈরির ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি ৫৪ হাজার আইসিডিএস কেন্দ্রে বিনামূল্যে বিদ্যুৎ, আলো ও পাখা দেওয়ার কথাও জানান তিনি। গ্রামীণ এলাকায় বিদ্যুৎ পরিষেবার জন্য মোবাইল ভ্যান ও কাস্টমার কেয়ার সেন্টারে কর্মীর সংখ্যা দ্বিগুণ করা হবে। কৃষকদের জন্যও বড় ঘোষণা—১ অগস্ট থেকে কৃষিকাজে ব্যবহৃত বিদ্যুতের প্রতি ইউনিটে অতিরিক্ত ২ টাকা ভর্তুকি দেওয়া হবে। এছাড়াও রাজ্যজুড়ে EV চার্জিং স্টেশন, পাঞ্চেতে ১০০০ মেগাওয়াট পাম্প স্টোরেজ প্রকল্প এবং সৌরবিদ্যুৎ প্রকল্পে ১৮২ কোটি টাকা বিনিয়োগের পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী।