সৌরভের দুর্গাপুজোয় রাজকুমার রাও! ‘দাদা’র বাড়ি থেকে ম্যাডক্স স্কোয়ার, বায়োপিক ঘিরে বাড়ছে আগ্রহ!
নিজস্ব সংবাদদাতা: ভারতীয় ক্রিকেটের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিক ‘দাদা: দ্য সৌরভ গাঙ্গুলী স্টোরি’-কে ঘিরে অনুরাগীদের আগ্রহ ক্রমশ বাড়ছে। এই ছবিতে সৌরভের চরিত্রে অভিনয় করতে চলেছেন বলিউড অভিনেতা রাজকুমার রাও। সম্প্রতি কলকাতায় এসে গঙ্গোপাধ্যায় পরিবারের দুর্গাপুজোর আনন্দে শামিল হওয়ার সুযোগ পেলেন তিনি।১৯ অক্টোবর, মহাষ্টমীর দিন সৌরভের কলকাতার বাড়িতে উপস্থিত হন রাজকুমার রাও ও ছবির প্রযোজক অঙ্কুর গর্গ। গঙ্গোপাধ্যায় পরিবারের পুজোয় প্রার্থনার মধ্য দিয়ে তাঁদের এই বিশেষ দিনের সূচনা হয়। পরে তাঁদের ম্যাডক্স স্কোয়ার ও অ্যালেন পার্কের দুর্গাপুজো মণ্ডপেও ঘুরে দেখতে দেখা যায়। উৎসবের আবহে কলকাতায় সময় কাটাতে পেরে আনন্দ প্রকাশ করেন রাজকুমার।
সংবাদসংস্থা পিটিআইয়ের প্রতিবেদন অনুযায়ী, তিনি কলকাতা শহর এবং এখানকার মানুষের প্রশংসাও করেন।সৌরভের জীবনের নানা অধ্যায় বড় পর্দায় তুলে ধরার প্রস্তুতি চলছে এই বায়োপিককে কেন্দ্র করে। ছবিটি পরিচালনা করছেন বিক্রমাদিত্য মোতওয়ানে। প্রযোজনার দায়িত্বে রয়েছেন লাভ রঞ্জন ও অঙ্কুর গর্গ। লাভ ফিল্মসের ব্যানারে নির্মীয়মাণ ছবিটি টি-সিরিজ ও ডিবিএল-এর মাধ্যমে পরিবেশিত হওয়ার কথা।ছবির প্রস্তুতির জন্য রাজকুমার রাও কলকাতায় বেশ কিছুটা সময় কাটিয়েছেন।
ম্যাশেবল ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, সৌরভের বাড়ি এবং ঐতিহাসিক ইডেন গার্ডেন্সেও ছবির শুটিং হয়েছে। তাঁর কথায়, “আমরা তাঁর বাড়িতেও শুটিং করেছি। আমরা ইডেন গার্ডেন্সেও শুটিং করেছি।”প্রতিবেদন অনুযায়ী, ছবিটি ২০২৭ সালের ১৪ মে বিশ্বজুড়ে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে। ক্রিকেটের মাঠে সৌরভের লড়াই, নেতৃত্ব, সাফল্য এবং ব্যক্তিগত জীবনের নানা মুহূর্ত কীভাবে পর্দায় ফুটে ওঠে, এখন সেদিকেই নজর ক্রিকেটপ্রেমী ও সিনেমাপ্রেমীদের।