দক্ষিণ-পূর্ব রেলওয়ের নতুন জিএম সৌমিত্র মজুমদার!

নিজস্ব সংবাদদাতা : দক্ষিণ-পূর্ব রেলওয়ের শীর্ষ প্রশাসনে বড়সড় রদবদল। রেল মন্ত্রকের নয়াদিল্লি থেকে জারি হওয়া গুরুত্বপূর্ণ প্রশাসনিক নির্দেশে দক্ষিণ-পূর্ব রেলওয়ের (SER) নতুন জেনারেল ম্যানেজার হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন সৌমিত্র মজুমদার। ২০২৬ সালের ১ এপ্রিল তিনি আনুষ্ঠানিকভাবে এই দায়িত্বভার গ্রহণ করেন।৩০ মার্চ ২০২৬ প্রকাশিত রেল মন্ত্রকের নির্দেশিকা অনুযায়ী, প্রাক্তন জিএম অনিল কুমার মিশ্রের অবসর গ্রহণের পর সৌমিত্র মজুমদারকে এই গুরুত্বপূর্ণ পদে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়। এর আগে তিনি দক্ষিণ-পূর্ব রেলওয়ের অতিরিক্ত জেনারেল ম্যানেজার (AGM) হিসেবে কর্মরত ছিলেন।সৌমিত্র মজুমদার ইন্ডিয়ান রেলওয়ে ট্র্যাফিক সার্ভিস (IRTS)-এর ১৯৮৯ ব্যাচের একজন অভিজ্ঞ অফিসার। দীর্ঘ কর্মজীবনে তিনি ভারতীয় রেলের একাধিক গুরুত্বপূর্ণ পদে সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। তাঁর উল্লেখযোগ্য পদগুলির মধ্যে রয়েছে ইস্টার্ন রেলওয়ের প্রিন্সিপাল চিফ কমার্শিয়াল ম্যানেজার, সাউথ ইস্টার্ন রেলওয়ের চিফ প্যাসেঞ্জার ট্রান্সপোর্টেশন ম্যানেজার, এবং চিফ ট্র্যাফিক প্ল্যানিং ম্যানেজার।শুধু প্রশাসনিক দক্ষতাই নয়, জনসংযোগ ও গণমাধ্যম ব্যবস্থাপনাতেও তাঁর বিস্তৃত অভিজ্ঞতা রয়েছে। তিনি দীর্ঘ সময় ধরে ইস্টার্ন রেলওয়ে ও সাউথ ইস্টার্ন রেলওয়ে—উভয় ক্ষেত্রেই চিফ পাবলিক রিলেশনস অফিসার (CPRO) হিসেবে দায়িত্ব সামলেছেন। ফলে রেল পরিচালনা, বাণিজ্যিক বিষয়, যাত্রী পরিষেবা এবং মিডিয়া ম্যানেজমেন্ট—সব ক্ষেত্রেই তাঁর গভীর জ্ঞান ও দক্ষতা রেল মহলে বিশেষভাবে সমাদৃত।রেল সূত্রে জানা গিয়েছে, তাঁর নেতৃত্বে দক্ষিণ-পূর্ব রেলওয়ের পরিষেবা, যাত্রী সুবিধা এবং অপারেশনাল দক্ষতায় আরও গতি আসবে বলেই আশা করা হচ্ছে।পেশাগত জীবনের বাইরে খেলাধুলা, সঙ্গীত, ভ্রমণ ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের প্রতিও তাঁর বিশেষ আগ্রহ রয়েছে। বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠানে সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে তিনি বহুবার নিজের বহুমুখী প্রতিভার পরিচয় দিয়েছেন।নতুন জিএম হিসেবে সৌমিত্র মজুমদারের এই দায়িত্ব গ্রহণ দক্ষিণ-পূর্ব রেলওয়ের প্রশাসনিক ও পরিষেবা ক্ষেত্রে নতুন দিশা আনতে পারে বলেই মনে করছে রেল মহল