ভোটের আগে পুলিশের মেগা রদবদল, একাধিক কমিশনার ও এসপি বদল—কড়া বার্তা নির্বাচন কমিশনের!
অভিজিৎ সাহা : আসন্ন ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজ্যের পুলিশ প্রশাসনে বড়সড় রদবদল করল Election Commission of India। মঙ্গলবার জারি হওয়া নির্দেশিকায় একাধিক আইপিএস আধিকারিককে নতুন দায়িত্বে পাঠানো হয়েছে এবং গুরুত্বপূর্ণ পদে নতুন নিয়োগের ঘোষণা করা হয়েছে।নির্দেশিকা অনুযায়ী, ড. রাজেশ কুমার সিং (IPS-1997)-কে দক্ষিণবঙ্গের এডিজি ও আইজিপি পদে নিয়োগ করা হয়েছে। একইসঙ্গে কে. জয়রামন (IPS-1997)-কে উত্তরবঙ্গের এডিজি ও আইজিপি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।কমিশনারেট স্তরেও বড়সড় পরিবর্তন আনা হয়েছে। ড. প্রণব কুমার (IPS-2003)-কে আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনার করা হয়েছে।
অখিলেশ কুমার চতুর্বেদী (IPS-2005)-কে হাওড়া পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি অমিত কুমার সিং (IPS-2009)-কে ব্যারাকপুর এবং সুনীল কুমার যাদব (IPS-2009)-কে চন্দননগর পুলিশ কমিশনার পদে বসানো হয়েছে।কলকাতা পুলিশেও এই রদবদলের ছোঁয়া লেগেছে। ডিসি (সেন্ট্রাল) ইন্দ্রানী মুখোপাধ্যায়কে পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। একইসঙ্গে বদলি করা হয়েছে পুলিশ আধিকারিক আকাশ মেঘারিয়াকেও।শুধু কমিশনারেট নয়, রাজ্যের বিভিন্ন পুলিশ জেলাতেও বড় পরিবর্তন ঘটেছে। প্রশাসনিক সূত্রে খবর, মোট ১৩ জন জেলা পুলিশ সুপার (এসপি)-কে বদলি করা হয়েছে।নির্বাচন কমিশন স্পষ্ট জানিয়েছে, এই নির্দেশ অবিলম্বে কার্যকর করতে হবে এবং সংশ্লিষ্ট আধিকারিকদের ১৮ মার্চ সকাল ১১টার মধ্যে নতুন দায়িত্বে যোগদানের রিপোর্ট জমা দিতে হবে। পাশাপাশি যাঁদের বদলি করা হয়েছে, তাঁদের ভোট প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত কোনও নির্বাচনী দায়িত্বে রাখা যাবে না বলেও কড়া নির্দেশ দেওয়া হয়েছে।রাজনৈতিক মহলের মতে, আসন্ন নির্বাচনে প্রশাসনিক নিরপেক্ষতা বজায় রাখা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি শক্ত হাতে সামলাতেই কমিশনের এই বড় পদক্ষেপ।