বাল্যবিবাহ ও শিশু পাচার রোধে সচেতনতার বার্তা, মৌপাল দেশপ্রাণ-ভাদুতলা হাইস্কুলে পুলিশ সুপার পাপিয়া সুলতানার বিশেষ আলোচনা সভা

নিজস্ব সংবাদদাতা : বাল্যবিবাহ ও শিশু পাচারের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে ছাত্রছাত্রীদের সচেতন করতে বৃহস্পতিবার সকালে পশ্চিম মেদিনীপুর জেলার শালবনী ব্লকের ভাদুতলা বিবেকানন্দ হাইস্কুল (উচ্চতর মাধ্যমিক)-এ অনুষ্ঠিত হলো এক গুরুত্বপূর্ণ আলোচনা সভা। বিদ্যালয়ের সত্যজিৎ রায় সম্মিলনী কক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুর জেলার পুলিশ সুপার পাপিয়া সুলতানা।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট লেখিকা ও সমাজকর্মী রোশনারা খান, শালবনী থানার আইসি সৌরভ ঘোষ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক ড. অমিতেশ চৌধুরী-সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।

সকাল সাড়ে আটটা নাগাদ পুলিশ সুপার বিদ্যালয়ে পৌঁছালে তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানায় বিদ্যালয়ের এনসিসি ইউনিটের ক্যাডেটরা। এরপর কানায় কানায় পূর্ণ সভাকক্ষে প্রায় ৮০০ ছাত্রছাত্রীর উপস্থিতিতে শুরু হয় আলোচনা পর্ব। প্রায় ৪৫ মিনিট ধরে বক্তব্য রাখতে গিয়ে পুলিশ সুপার বাল্যবিবাহ ও শিশু পাচারের ভয়াবহ দিকগুলি তুলে ধরেন এবং এই ধরনের অপরাধ রোধে ছাত্রছাত্রীদের সচেতন ও সতর্ক থাকার আহ্বান জানান। অনুষ্ঠানের শুরুতে সমবেত কণ্ঠে পরিবেশিত হয় জাতীয় স্তোত্র ‘বন্দেমাতরম’। সভার শেষে প্রয়াত কিংবদন্তি শিল্পী লতা মঙ্গেশকরের কণ্ঠে ‘বন্দেমাতরম’ পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

অন্যদিকে, একই দিনে মৌপাল দেশপ্রাণ বিদ্যাপীঠেও বাল্যবিবাহ প্রতিরোধে একটি সচেতনতামূলক শিবির অনুষ্ঠিত হয়। সেখানে উপস্থিত ছিলেন পুলিশ সুপার পাপিয়া সুলতানা, সমাজকর্মী রোশনারা খান, শালবনী থানার আইসি সৌরভ ঘোষ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রসূন কুমার পড়িয়া-সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। শিক্ষাপ্রতিষ্ঠানগুলিতে এ ধরনের সচেতনতামূলক কর্মসূচি ছাত্রছাত্রীদের মধ্যে সামাজিক দায়বদ্ধতা বৃদ্ধি করবে এবং বাল্যবিবাহ ও শিশু পাচার রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল।