পরিবেশ সচেতনতার পাশাপাশি স্বাস্থ্যসেবার বার্তা, নবকোলায় বিশেষ চক্ষু শিবির
অভিজিৎ সাহা : চন্দ্রকোনা রোড, ৫ জুন ২০২৬: বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা-৩ ব্লকের চন্দ্রকোনা রোড শহর সংলগ্ন নবকোলায় একটি বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়। হাতিখানা বরাকুরা স্পোর্টিং ক্লাবের উদ্যোগে ক্লাব প্রাঙ্গণে অনুষ্ঠিত এই শিবিরে এলাকার বহু সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, কলকাতার সোনারতরী চ্যারিটেবল ট্রাস্ট এবং মেদিনীপুরের অপরাজেয় স্বেচ্ছাসেবী সংগঠনের সহযোগিতায় এই স্বাস্থ্য সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়। শিবিরে অভিজ্ঞ চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা উপস্থিত থেকে বিনামূল্যে চোখের পরীক্ষা করেন এবং প্রয়োজনীয় পরামর্শ প্রদান করেন।
উদ্যোক্তাদের দাবি, শতাধিক মানুষের জন্য এই শিবিরের ব্যবস্থা করা হলেও এদিন প্রায় ৬০ থেকে ৭০ জন মানুষ চক্ষু পরীক্ষা করান। গ্রামীণ এলাকার বাসিন্দাদের মধ্যে চক্ষু সংক্রান্ত সমস্যার প্রাথমিক পর্যায়ে নির্ণয় এবং সচেতনতা বৃদ্ধির লক্ষ্যেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রীকান্ত বধুক, প্রসেনজিৎ কুণ্ডু, রাজ রায়, আক্তার খান, সান্তু খান সহ ক্লাবের অন্যান্য সদস্য ও সমাজসেবীরা। তাঁরা জানান, ভবিষ্যতেও এলাকার মানুষের স্বাস্থ্য ও সামাজিক উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি গ্রহণ করা হবে। বিশ্ব পরিবেশ দিবসের দিনে পরিবেশ সচেতনতার পাশাপাশি জনস্বাস্থ্যের গুরুত্ব তুলে ধরতে এই ধরনের উদ্যোগ বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন এলাকার বাসিন্দারা।