দেশমাতৃকার বীর সন্তানকে স্মরণ, হেমচন্দ্র কানুনগোর জন্মজয়ন্তীতে বিশেষ কর্মসূচি

নিজস্ব সংবাদদাতা : ভারতীয় স্বাধীনতা আন্দোলনের অন্যতম অগ্রদূত, বিপ্লবী হেমচন্দ্র কানুনগোর ১৫৬তম জন্মজয়ন্তী যথাযোগ্য মর্যাদা ও শ্রদ্ধার সঙ্গে পালন করল কেলেঘাই ও বাঘুই পাড়ের মিঠা ভাষা চর্চা কমিটি। প্রতি বছরের ন্যায় এ বছরও কেরানীটোলাস্থিত বিপ্লবীর আবক্ষ মূর্তির পাদদেশে আয়োজিত হয় বিশেষ স্মরণানুষ্ঠান। অনুষ্ঠানের সূচনায় বিপ্লবী হেমচন্দ্র কানুনগোর আবক্ষ মূর্তিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য অর্পণ করেন উপস্থিত অতিথি ও সংগঠনের সদস্যরা। এরপর অনুষ্ঠিত হয় এক আলোচনা সভা, যেখানে বক্তারা বিপ্লবীর সংগ্রামী জীবন, দেশপ্রেম এবং স্বাধীনতা আন্দোলনে তাঁর অসামান্য অবদানের বিভিন্ন দিক তুলে ধরেন। সভায় বক্তব্য রাখেন বিশিষ্ট গবেষক ও সংস্থার প্রধান উপদেষ্টা ড. মধুপ দে এবং বিপ্লবী হেমচন্দ্র কানুনগোর প্রপৌত্র রাজীব কানুনগো। তাঁরা হেমচন্দ্র কানুনগোর বিপ্লবী কর্মকাণ্ড এবং জ্ঞান দেশের স্বাধীনতা সংগ্রামে কাজে লাগানোর ঐতিহাসিক গুরুত্ব সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্থার কার্যকরী সভাপতি অমিত কুমার সাহু, সম্পাদক নরসিংহ দাস, মৌপাল হাই স্কুলের প্রধান শিক্ষক ড. প্রসূন কুমার পড়িয়া, শিক্ষক ও সমাজকর্মী সুদীপ কুমার খাঁড়া, পরিবেশপ্রেমী শিক্ষক মনিকাঞ্চন রায়-সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ ও বহু সাধারণ মানুষ।বক্তারা বলেন, নতুন প্রজন্মের কাছে বিপ্লবী হেমচন্দ্র কানুনগোর আদর্শ ও আত্মত্যাগের ইতিহাস তুলে ধরা আজ অত্যন্ত জরুরি। তাঁর জীবন ও সংগ্রাম দেশপ্রেম, সাহস এবং আত্মনিবেদনের এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে আগামী প্রজন্মের কাছে।অনুষ্ঠানটি দেশাত্মবোধক পরিবেশে সম্পন্ন হয় এবং উপস্থিত সকলেই বিপ্লবীর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন।