২০০ কোটির বিনিয়োগে ক্রীড়া পরিকাঠামো উন্নয়ন, জল্পনা তুঙ্গে বাংলায়
নিজস্ব সংবাদদাতা : পশ্চিমবঙ্গে ক্রীড়া পরিকাঠামোর উন্নয়নে নতুন সম্ভাবনার ইঙ্গিত মিলছে। কেন্দ্রীয় ক্রীড়া প্রতিমন্ত্রী ইন্দ্রনীল খাঁ দায়িত্ব নেওয়ার পরই স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া (সাই)-এর কর্তাদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন। এর জেরে দীর্ঘদিন ধরে আটকে থাকা সাইয়ের প্রায় ২০০ কোটির ক্রীড়া প্রকল্প ফের আলোচনায় এসেছে।বিজেপি নেতা ও প্রাক্তন ভারতীয় ক্রিকেটার অশোক দিন্দার দাবি, তৃণমূল সরকারের আমলে সাইয়ের এই প্রকল্পের জন্য ২৫ একর জমি চাওয়া হলেও তা দেওয়া হয়নি। ফলে প্রকল্প বাস্তবায়ন সম্ভব হয়নি। রাজ্যে সরকার পরিবর্তনের পর সেই প্রকল্প নতুন করে গতি পেতে পারে বলে জল্পনা শুরু হয়েছে।ইন্দ্রনীল খাঁ জানিয়েছেন, কেন্দ্রের বিভিন্ন ক্রীড়া প্রকল্প দ্রুত বাংলায় বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি ‘খেলো ইন্ডিয়া’ প্রকল্পও রাজ্যে চালু করার পরিকল্পনার কথা জানান তিনি। যদিও সাইয়ের ২০০ কোটির প্রকল্প নিয়ে এখনও আনুষ্ঠানিক ঘোষণা হয়নি, তবে কলকাতা, বর্ধমান বা পূর্ব মেদিনীপুরে এই পরিকাঠামো গড়ে উঠতে পারে বলে সূত্রের খবর।রাজ্যের ক্রীড়াক্ষেত্রে নতুন বিনিয়োগ ও পরিকাঠামো উন্নয়নের সম্ভাবনায় ক্রীড়ামহলে ইতিমধ্যেই জোর চর্চা শুরু হয়েছে।