ক্লাব সমন্বয়ে জোর বিজেপির, শ্যামবাজারে স্পোর্টস অ্যান্ড ক্লাব রিলেশন সেলের বৈঠক!
নিজস্ব সংবাদদাতা : ক্লাব ও ক্রীড়া সংগঠনগুলির মধ্যে সমন্বয় আরও মজবুত করার লক্ষ্যে শ্যামবাজারের সেরাম সভাগৃহে অনুষ্ঠিত হল বিজেপির স্পোর্টস অ্যান্ড ক্লাব রিলেশন সেলের যৌথ বৈঠক। বৈঠকে শহরের ৭৫টি ক্লাব ও সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।রাজ্য কনভেনার দীপঙ্কর মোদকের উপস্থিতিতে আয়োজিত এই বৈঠকে উপস্থিত ছিলেন গ্র্যান্ডমাস্টার অতনু লাহিড়ী, মহমেডান ক্লাবের সহ-সভাপতি তথা পদ্মশ্রী কাজী মাসুম আক্তার এবং বিজেপির রাজ্য কমিটির সদস্য ও ক্লাব রিলেশন ইনচার্জ শুভজিৎ দত্ত গুপ্ত।
বৈঠকে মূলত বিভিন্ন ক্লাব ও সংগঠনের মধ্যে পারস্পরিক যোগাযোগ বাড়ানো এবং ভবিষ্যতে যৌথভাবে বিভিন্ন কর্মসূচি গ্রহণের বিষয়ে আলোচনা হয়। উপস্থিত প্রতিনিধিদের বক্তব্য ও প্রস্তাব শোনার পর ক্লাবগুলির মধ্যে সমন্বয় বজায় রাখতে একটি ‘কমন মিনিমাম প্রোগ্রাম’ তৈরির প্রস্তাব গ্রহণ করা হয়।পাশাপাশি, বিভিন্ন ক্লাব ও সংগঠনকে একটি সমন্বিত কাঠামোর মধ্যে এনে কাজ করার লক্ষ্যে ক্লাব সমন্বয় সমিতি গঠনের উদ্যোগ নিয়েও আলোচনা হয়। আগামী দিনে ক্রীড়া ও ক্লাব সংগঠনগুলির মধ্যে যোগাযোগ আরও বাড়িয়ে একসঙ্গে কাজ করার প্রক্রিয়াকে শক্তিশালী করার বিষয়ে বৈঠকে মতৈক্য তৈরি হয়েছে।আয়োজকদের দাবি, ক্লাব ও ক্রীড়া সংগঠনগুলির সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে ভবিষ্যতে আরও বৃহত্তর পরিসরে বিভিন্ন সামাজিক ও ক্রীড়ামূলক কর্মসূচি গ্রহণ করা হবে।