ভোটের আগে মেদিনীপুরে কড়া নজরদারি! বুথ ঘুরে দেখলেন মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল!

সেখ ওয়ারেশ আলী : আসন্ন নির্বাচনকে সামনে রেখে মেদিনীপুরে পৌঁছালেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক Manoj Agarwal। মঙ্গলবার দুপুরে শহরের কুইকোটার স্থায়ী হেলিপ্যাডে অবতরণ করতেই প্রশাসনিক মহলে বাড়ে তৎপরতা। সেখানে তাঁকে স্বাগত জানান জেলাশাসক, পুলিশ সুপার-সহ একাধিক প্রশাসনিক ও নির্বাচনী আধিকারিক।

হেলিপ্যাড থেকে সরাসরি তিনি যান শহরের সিপাই বাজার এলাকার একটি ভোটগ্রহণ কেন্দ্রে। সেখানে বুথের পরিকাঠামো, নিরাপত্তা ব্যবস্থা এবং সামগ্রিক প্রস্তুতি খুঁটিয়ে পর্যালোচনা করেন। তাঁর সঙ্গে ছিলেন জেলাশাসক তথা জেলার নির্বাচনী আধিকারিক এবং অন্যান্য উচ্চপদস্থ কর্তারা।

প্রশাসনিক সূত্রে খবর, এই সফরের মূল লক্ষ্য জেলার নির্বাচনী প্রস্তুতির বাস্তব চিত্র খতিয়ে দেখা। দিনভর একটি গুরুত্বপূর্ণ বৈঠকেও যোগ দেওয়ার কথা রয়েছে মুখ্য নির্বাচনী আধিকারিকের, যেখানে বিভিন্ন দফতরের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের সঙ্গে নির্বাচন পরিচালনা, নিরাপত্তা, লজিস্টিকস-সহ একাধিক বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হবে।

ভোটকে কেন্দ্র করে শান্তিপূর্ণ ও সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে প্রশাসন কতটা প্রস্তুত—তা সরেজমিনে যাচাই করতেই এই সফর বলে মনে করছে প্রশাসনিক মহল।