ডেকোরেটর শিল্পের সমস্যা ও দাবি-দাওয়া নিয়ে পশ্চিম মেদিনীপুরে রাজ্য সম্মেলন!

সেখ ওয়ারেশ আলী : সংগঠনকে আরও শক্তিশালী করা, ডেকোরেটর শিল্পের বর্তমান সমস্যা এবং শিল্পীদের দীর্ঘদিনের দাবি-দাওয়া নিয়ে আলোচনায় পশ্চিম মেদিনীপুরে অনুষ্ঠিত হচ্ছে ডেকোরেটর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের দু’দিনের রাজ্য সম্মেলন। ৫ ও ৬ সেপ্টেম্বর শহীদ প্রদ্যুৎ স্মৃতি সদনে আয়োজিত এই সম্মেলনে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ডেকোরেটর শিল্পী ও সংগঠনের প্রতিনিধিরা যোগ দিয়েছেন।রবিবার প্রদীপ প্রজ্বালনের মাধ্যমে সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ। বক্তব্য রাখতে গিয়ে তিনি বাংলার শিল্প ও সংস্কৃতিতে ডেকোরেটর শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরেন।মন্ত্রী বলেন, ডেকোরেটরদের কাজ শুধুমাত্র প্যান্ডেল তৈরি বা সাজসজ্জার মধ্যে সীমাবদ্ধ নয়। তাঁদের সৃজনশীলতার মাধ্যমে বাংলার ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি ফুটে ওঠে। বিশেষ করে দুর্গাপুজোর বিভিন্ন থিমের প্যান্ডেলের মাধ্যমে বাংলার শিল্পকলা দেশ-বিদেশের মানুষের কাছে পৌঁছে যাচ্ছে।

তাই ডেকোরেটর শিল্পকে শুধুমাত্র ব্যবসা হিসেবে না দেখে শিল্পের মর্যাদা দেওয়া প্রয়োজন।পশ্চিম মেদিনীপুরের ডেকোরেটর শিল্পীদের দক্ষতার কথাও তুলে ধরেন তিনি। রাজ্যের বিভিন্ন প্রান্তে এবং বাংলার বাইরেও শিল্পীদের কাজ দেখার অভিজ্ঞতার কথা জানিয়ে মন্ত্রী বলেন, বহু জায়গাতেই পশ্চিম মেদিনীপুরের শিল্পীদের দক্ষতার পরিচয় পাওয়া যায়।সম্মেলনে ডেকোরেটর শিল্পীদের পেশাগত সমস্যা, দীর্ঘদিনের দাবি ও স্বার্থের বিষয়গুলি সংগঠিতভাবে সরকারের কাছে তুলে ধরার উপর জোর দেওয়া হয়। সমস্যাগুলি সরকারের নজরে এলে আগামী দিনে শিল্পীদের পাশে থাকার আশ্বাসও দেন মন্ত্রী।দু’দিনের এই রাজ্য সম্মেলনে সংগঠনকে আরও শক্তিশালী করা, ডেকোরেটর শিল্পের সার্বিক উন্নয়ন এবং শিল্পীদের স্বার্থরক্ষায় ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়েও বিস্তারিত আলোচনা হয়। একাধিক প্রস্তাব ও পরিকল্পনা নিয়ে সম্মেলনে মতবিনিময় করেন রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রতিনিধিরা।