আগামী কয়েক ঘণ্টায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা,বৃষ্টির দাপটেই ভিজবে বাংলা, বজ্রপাত-শিলাবৃষ্টির সতর্কতা একাধিক জেলায়!
নিজস্ব সংবাদদাতা : ঝড়-বৃষ্টির জেরে গত কয়েক দিনে দক্ষিণবঙ্গের তাপমাত্রা কিছুটা কমেছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, মঙ্গলবার ৭ এপ্রিল পূর্ব ও পশ্চিম মেদিনীপুর,কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া—প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী তিন থেকে ছয় ঘণ্টার মধ্যেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বিক্ষিপ্ত ঝড়-বৃষ্টির দাপট বাড়তে পারে। বিশেষ করে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, , দক্ষিণ ২৪ পরগনা, বীরভূম ও মুর্শিদাবাদে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির আশঙ্কা বেশি। একই সঙ্গে উত্তরবঙ্গের মালদা ও দক্ষিণ দিনাজপুরের বেশ কিছু এলাকাতেও বজ্রঝড়ের সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, কোথাও কোথাও ঘণ্টায় ৬০ থেকে ৭০ কিলোমিটার বা তারও বেশি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে, সঙ্গে বিচ্ছিন্ন শিলাবৃষ্টির সম্ভাবনাও ।তবে আজ অধিকাংশ জেলায় ঝড়ের তুলনায় বৃষ্টিপাতের প্রাবল্যই বেশি থাকবে বলে মনে করা হচ্ছে। ফলে জল জমা, যানজট এবং দৃশ্যমানতা কমে যাওয়ার মতো সমস্যা তৈরি হতে পারে। এই সমস্ত এলাকায় বজ্রপাতের সতর্কতা জারি করা হয়েছে। অপ্রয়োজনীয়ভাবে খোলা মাঠে না যাওয়া, বড় গাছের নিচে আশ্রয় না নেওয়া এবং বিদ্যুৎচালিত সরঞ্জাম ব্যবহারে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।