উচ্ছেদে কড়া প্রশাসন, শালিমারে ভাঙা পড়ল অন্তত ৫০টি অবৈধ দোকান
নিজস্ব সংবাদদাতা : হাওড়ার শিবপুরের শালিমার ইয়ার্ড এলাকায় শুক্রবার বড়সড় উচ্ছেদ অভিযান চালাল বন্দর কর্তৃপক্ষ ও হাওড়া সিটি পুলিশ। রাস্তার দু’ধারে বেআইনিভাবে গড়ে ওঠা অন্তত ৫০টিরও বেশি দোকান বুলডোজার দিয়ে ভেঙে ফেলা হয়।প্রশাসনের দাবি, ওই এলাকায় রাস্তা চওড়া করা এবং নতুন নর্দমা নির্মাণের কাজ দীর্ঘদিন ধরে বেআইনি দখলের কারণে বাধাপ্রাপ্ত হচ্ছিল। সেই কারণেই এই উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। বন্দর কর্তৃপক্ষের এক আধিকারিক জানান, বহু বছর ধরে কোনও সরকারি অনুমোদন ছাড়াই দোকানগুলি গড়ে উঠেছিল। একাধিকবার সতর্ক করা হলেও দখলদাররা দোকান সরাননি।অন্যদিকে, ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের অভিযোগ, দোকান ভাঙার আগে তাঁদের কোনও নোটিস দেওয়া হয়নি এবং পুনর্বাসনের বিষয়েও কিছু জানানো হয়নি। প্রায় ৭০ বছর ধরে ব্যবসা করে আসা এক দোকান মালিক দাবি করেন, আচমকাই বুলডোজার এনে তাঁদের জীবিকা ধ্বংস করে দেওয়া হয়েছে।ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়ালেও প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, উন্নয়নমূলক কাজের স্বার্থেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।