মন্ত্রীর সারপ্রাইজ ভিজিটের পরই মেদিনীপুরে কড়া অভিযান, তিন হোটেলেই নেই বৈধ ফায়ার সেফটি সার্টিফিকেট!

সেখ ওয়ারেশ আলী : মন্ত্রীর সারপ্রাইজ ভিজিটের পরদিনই মেদিনীপুর শহরে বড়সড় অভিযান। শুক্রবার, ২১ আগস্ট শহরের দুটি হোটেল ও একটি শপিংমলে আচমকা পরিদর্শন করেছিলেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। তার ঠিক পরের দিন, শনিবার ২২ আগস্ট, শহরের একাধিক হোটেলে হানা দিল দমকল ও পুলিশ প্রশাসন।অভিযানে শহরের তিনটি হোটেলে গিয়ে ফায়ার সেফটি সংক্রান্ত নথিপত্র খতিয়ে দেখেন দমকল বিভাগের আধিকারিকরা। বিশেষভাবে চাওয়া হয় বৈধ ফায়ার সেফটি সার্টিফিকেট

কিন্তু অভিযানের সময় কোনও একটি হোটেলেও বৈধ ফায়ার সেফটি সার্টিফিকেট মেলেনি বলে দমকল সূত্রে জানা যায়।নিয়ম মেনে অগ্নিনিরাপত্তা ব্যবস্থা না থাকলে সংশ্লিষ্ট হোটেলগুলির বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন দমকল বিভাগের আধিকারিকরা।

ফলে মন্ত্রীর পরিদর্শনের পর প্রশাসনের এই তৎপরতায় মেদিনীপুর শহরের হোটেলগুলির অগ্নিনিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।সবচেয়ে বড় প্রশ্ন, যদি বৈধ ফায়ার সেফটি সার্টিফিকেট না-ই থাকে, তাহলে এতদিন ধরে কীভাবে এই হোটেলগুলি ব্যবসা চালিয়ে আসছিল? নিয়মকানুন কার্যকর করার ক্ষেত্রে এতদিন নজরদারির ঘাটতি ছিল কি না, তা নিয়েও উঠছে প্রশ্ন।এখন প্রশাসনের এই কড়া পদক্ষেপ কতটা কার্যকর হয় এবং শহরের হোটেলগুলিতে অগ্নিনিরাপত্তা ব্যবস্থার বাস্তব চিত্র কতটা বদলায়, সেদিকেই নজর রয়েছে সাধারণ মানুষের।