বেআইনি কাঠের কারবারে কড়া নজরদারি, বনদপ্তর-পুলিশের যৌথ অভিযানে ঝাড়গ্রাম জেলার সাঁকরাইলে বড়সড় পদক্ষেপ!
অভিজিৎ সাহা : বেআইনি কাঠের কারবার এবং নিয়মবহির্ভূতভাবে স-মিল চালানোর অভিযোগে বড়সড় অভিযান চালাল বনদপ্তর ও পুলিশ। শনিবার আচমকা সাঁকরাইল ব্লকের কুলটিকরী, রোহিনী-সহ একাধিক এলাকায় বিভিন্ন স-মিলে যৌথভাবে অভিযান চালানো হয়। অভিযানে ১০টি বেআইনি স-মিল সিল করে দেওয়া হয়েছে।
পাশাপাশি অনিয়মের অভিযোগে আরও ৩টি স-মিলকে শোকজ করা হয়েছে বলে বনদপ্তর সূত্রে জানা গিয়েছে।খড়গপুর বন বিভাগের কলাইকুন্ডা রেঞ্জের উদ্যোগে সাঁকরাইল থানার পুলিশের সহযোগিতায় এই অভিযান চালানো হয়। অভিযানে ছিলেন জেলা পুলিশের ডিএসপি (ডিএনটি) শ্রেয়া সরকার, কলাইকুন্ডা রেঞ্জের রেঞ্জ অফিসার প্রণয় সরকার, সাঁকরাইল থানার ওসি সৌমেন সিনহা মহাপাত্র-সহ বনদপ্তর ও পুলিশের আধিকারিক এবং কর্মীরা।
অভিযানের সময় প্রতিটি স-মিলের বৈধ লাইসেন্স ও নবীকরণ সংক্রান্ত নথি পরীক্ষা করা হয়। পাশাপাশি মজুত কাঠের বৈধতা, কাঠে সরকারি হামবার বা নির্দিষ্ট চিহ্ন রয়েছে কি না, চেরাই কাঠ পরিবহনে ব্যবহৃত টলি এবং সংশ্লিষ্ট কাগজপত্রও খতিয়ে দেখেন আধিকারিকরা।কাঠ পরিবহনের ক্ষেত্রে সরকারি নিয়ম ও বিধি যথাযথভাবে মানা হচ্ছে কি না, তাও সরেজমিনে যাচাই করা হয়।
বনদপ্তর সূত্রে খবর, অভিযানের সময় একাধিক স-মিলে বিভিন্ন ধরনের অনিয়মের সন্ধান মেলায় সংশ্লিষ্ট মালিকদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ পদক্ষেপ করা হয়েছে।বনদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, বেআইনি কাঠের কারবার এবং নিয়মবহির্ভূত স-মিল পরিচালনার বিরুদ্ধে আগামী দিনেও অভিযান অব্যাহত থাকবে। সাঁকরাইল ব্লকের বিভিন্ন এলাকায় স-মিলগুলির উপর নজরদারি আরও জোরদার করা হবে এবং প্রয়োজনে ফের যৌথ অভিযান চালানো হবে।