রাহুলের মৃত্যুতে একজোট টলিউড, উঠছে পুরনো ব্যান! ৭২ ঘণ্টার মধ্যে ফিরছেন নিষিদ্ধ শিল্পীরা!
নিজস্ব সংবাদদাতা : রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের আকস্মিক মৃত্যু যেন নাড়িয়ে দিয়েছে গোটা টলিউডকে। শ্যুটিং চলাকালীন অভিনেতার এই অকাল প্রয়াণ এখনও মেনে নিতে পারছেন না কেউ। ঠিক কীভাবে এই দুর্ঘটনা ঘটল, এর নেপথ্যে কার গাফিলতি— সেই প্রশ্নই গত এক সপ্তাহ ধরে ঘুরপাক খাচ্ছে টলিপাড়ায়।রাহুলের মৃত্যুর পর শুধু বিচার দাবিতেই নয়, ভবিষ্যতে অভিনেতা-অভিনেত্রী ও টেকনিশিয়ানদের যথাযথ নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে সরব হন শিল্পী মহল। পরিস্থিতি এতটাই তীব্র হয় যে অনির্দিষ্টকালের কর্মবিরতির ডাকও দেওয়া হয়।এই আবহেই মঙ্গলবার, ৭ এপ্রিল টেকনিশিয়ান্স স্টুডিওতে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। সকাল থেকেই সেখানে তারকা, পরিচালক ও টেকনিশিয়ানদের ভিড় চোখে পড়ে। বৈঠক শেষে সাংবাদিক বৈঠকে জানানো হয়, মঙ্গলবার থেকেই ম্যাজিক মোমেন্টস-এর সঙ্গে কোনও অভিনেতা বা টেকনিশিয়ান কাজ করবেন না।সবচেয়ে বড় সিদ্ধান্ত আসে বৈঠকের শেষে। এতদিন টলিউডে নিষিদ্ধ থাকা একাধিক পরিচালক ও অভিনেতার ওপর থেকে ব্যান তুলে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
সূত্রের খবর, আগামী ৭২ ঘণ্টার মধ্যেই তাঁদের ফেরানো হবে ইন্ডাস্ট্রিতে।সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভিনেতা Dev বলেন, “আজ আমরা আর্টিস্ট ফোরাম বা ফেডারেশন নই, আজ আমরা সবাই এক। অনেক শিল্পী ও পরিচালক ব্যান হয়ে রয়েছেন, তাঁদের সবাইকে ফিরিয়ে আনা হবে। বুম্বাদা কথা দিয়েছেন, ৭২ ঘণ্টার মধ্যে ওঁরা সবাই ফিরবেন।”দেব আরও বলেন, “রাহুল চলে যাওয়ার পর আমরা বুঝেছি, শুধু কাউকে হারানো নয়, কাজ করতে না পারাটাও কতটা যন্ত্রণার। যাঁদের কাজ নেই, তাঁরাই সেই কষ্ট বোঝেন। তাই সবাইকে ফিরিয়ে আনা হবে।”রাহুলের মৃত্যু ঘিরে তৈরি হওয়া এই ঐক্য এবং শিল্পী সমাজের এই বার্তা টলিউডে নতুন সমীকরণের ইঙ্গিত দিচ্ছে বলেই মনে করছেন অনেকে।