‘ভক্তপ্রেমী জগন্নাথ’—সুবলচন্দ্র দে-র গবেষণাগ্রন্থের শুভ উন্মোচন!
নিজস্ব সংবাদদাতা : বিশিষ্ট লেখক ও পুঁথি সংগ্রাহক সুবলচন্দ্র দে-র চতুর্থ গ্রন্থ ‘ভক্তপ্রেমী জগন্নাথ’ আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হলো কলকাতার ঐতিহ্যবাহী প্রকাশনা সংস্থা দে’জ পাবলিশিং-এর সভাগৃহে। ২০শে আগস্ট বৃহস্পতিবার আয়োজিত এক অনুষ্ঠানের মধ্য দিয়ে গবেষণামূলক এই গ্রন্থটির শুভ উন্মোচন করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনন্দ পুরস্কারপ্রাপ্ত বিশিষ্ট সাহিত্যিক নলিনী বেরা। তাঁর হাতেই গ্রন্থটির আনুষ্ঠানিক প্রকাশ ঘটে। অনুষ্ঠানে লেখক সুবলচন্দ্র দে ছাড়াও উপস্থিত ছিলেন অখিলবন্ধু মহাপাত্র, শিল্পী সঞ্জয় পয়ড়া এবং কমলিনী প্রকাশনীর কর্ণধার শুভঙ্কর দে-সহ সাহিত্য ও সংস্কৃতি জগতের একাধিক বিশিষ্ট ব্যক্তিত্ব।‘ভক্তপ্রেমী জগন্নাথ’ গ্রন্থে শ্রীজগন্নাথ দেবের পরম ভক্ত বলরাম দাস, জগন্নাথ দাস, শালবেগ, দাসিয়া বাউরি, রঘু অরক্ষিত এবং দীনকৃষ্ণ দাস-এর জীবন, সাধনা ও ভক্তিভাব বিস্তারিতভাবে তুলে ধরা হয়েছে। গবেষণার ভিত্তিতে তাঁদের জীবনকথা ও জগন্নাথদেবের প্রতি গভীর অনুরাগকে পাঠকের সামনে উপস্থাপন করেছেন লেখক।গ্রন্থটির ভূমিকা লিখেছেন সাহিত্যিক নলিনী বেরা। উন্মোচন অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি বইটির বিষয়বস্তু, গবেষণার পরিধি এবং লেখকের প্রয়াসের প্রশংসা করেন। জগন্নাথ সংস্কৃতি ও ভক্তি সাহিত্যের অনুরাগীদের কাছে এই গবেষণাগ্রন্থটি গুরুত্বপূর্ণ সংযোজন হয়ে উঠবে বলেই মনে করছেন সাহিত্যপ্রেমীরা।