দাম বৃদ্ধির জেরে রাস্তায় SUCI(C), শিলচরে বিক্ষোভ ও মুখ্যমন্ত্রীকে স্মারকপত্র
আহমদ হুসাইন লস্কর : পেট্রোল, ডিজেল, রান্নার গ্যাস-সহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের লাগামছাড়া মূল্যবৃদ্ধির প্রতিবাদে সরব হল এস ইউ সি আই (কমিউনিস্ট)। বুধবার শিলচরে জেলা আয়ুক্তের কার্যালয়ের সামনে বিক্ষোভ প্রদর্শন করে দলের কাছাড় জেলা কমিটি। পরে আসামের মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে একটি স্মারকপত্র জেলা আয়ুক্তের মাধ্যমে জমা দেওয়া হয়।বিক্ষোভে অংশ নেওয়া দলীয় কর্মী-সমর্থকেরা অভিযোগ করেন, জ্বালানির মূল্যবৃদ্ধির প্রভাব পড়েছে বাজারের প্রতিটি নিত্যপ্রয়োজনীয় পণ্যে। ফলে সাধারণ মধ্যবিত্ত ও নিম্নবিত্ত মানুষের জীবনযাত্রা ক্রমশ দুর্বিষহ হয়ে উঠছে। বিক্ষোভ চলাকালীন সরকারের গণবিরোধী নীতির বিরুদ্ধে বিভিন্ন স্লোগান তোলেন আন্দোলনকারীরা।এই কর্মসূচিতে বক্তব্য রাখেন দলের কাছাড় জেলা কমিটির সদস্য শ্যামদেও কুর্মী, সুব্রত চন্দ্র নাথ ও অজয় রায়। বক্তারা অবিলম্বে বাজারদর নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ গ্রহণের দাবি জানান। পাশাপাশি হুঁশিয়ারি দিয়ে বলেন, সাধারণ মানুষের স্বার্থে মূল্যবৃদ্ধি রোধ না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনে নামবে দল।বিক্ষোভ শেষে দলের একটি প্রতিনিধি দল জেলা আয়ুক্তের হাতে স্মারকপত্র তুলে দেন। প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন শ্যামদেও কুর্মী, সুব্রত চন্দ্র নাথ, অঞ্জন কুমার চন্দ, হিল্লোল ভট্টাচার্য ও বিজিত কুমার সিনহা-সহ অন্যান্য নেতৃবৃন্দ।