অভিনন্দন যাত্রায় কর্মী-সমর্থকদের ঢল, চন্দ্রকোনায় বিজেপির কর্মসূচি!
সুমন মন্ডল : চন্দ্রকোনা বিধানসভা এলাকায় বিজেপির উদ্যোগে অনুষ্ঠিত হলো এক বর্ণাঢ্য অভিনন্দন যাত্রা। চন্দ্রকোনা ২ নম্বর মণ্ডলের আয়োজনে এই কর্মসূচি চন্দ্রকোনার ৩ নম্বর ওয়ার্ডের ঠাকুরবাড়ি থেকে শুরু হয়ে পুরের হাট পর্যন্ত পরিক্রমা করে।অভিনন্দন যাত্রায় অংশ নেন চন্দ্রকোনা বিধানসভার বিধায়ক সুকান্ত দোলুই, বিজেপি নেতা সুদীপ কুসারি, মণ্ডল নেতৃত্ব এবং বিপুল সংখ্যক বিজেপি কর্মী-সমর্থক। দলীয় পতাকা, স্লোগান ও উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে গোটা এলাকা।যাত্রাপথে বিধায়ক সুকান্ত দোলুই সাধারণ মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং দলীয় কর্মী-সমর্থকদের অভিনন্দন জানান।
তিনি বলেন, মানুষের আস্থা ও সমর্থনই দলের সবচেয়ে বড় শক্তি। সেই শক্তিকে সঙ্গে নিয়েই আগামী দিনে এলাকার সার্বিক উন্নয়ন এবং জনসেবামূলক কাজ আরও জোরদার করা হবে।তিনি আরও জানান, মানুষের প্রত্যাশা পূরণ এবং এলাকার উন্নয়নের স্বার্থে সকলকে একসঙ্গে কাজ করতে হবে। পাশাপাশি দলীয় কর্মীদের মানুষের পাশে থেকে কাজ চালিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি।অভিনন্দন যাত্রাকে ঘিরে কর্মী-সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। এলাকার বিভিন্ন প্রান্ত থেকে বহু মানুষ এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন, ফলে গোটা এলাকায় উৎসবের আবহ তৈরি হয়।