‘সুপার স্যাটারডে’ এক দিনে দুই মহারণে উত্তেজনার পারদ চড়ছে, নজরে পাঞ্জাব-হায়দরাবাদ ও CSK-দিল্লি!

নিজস্ব সংবাদদাতা : IPL-2026 শনিবার মানেই এবার ‘সুপার স্যাটারডে’। এক দিনে পরপর দুই হাইভোল্টেজ ম্যাচে জমে উঠতে চলেছে ক্রিকেটের মহারণ। প্রথম ম্যাচে Punjab Kings মুখোমুখি Sunrisers Hyderabad, আর দিনের দ্বিতীয় আকর্ষণে চেপকের ঐতিহাসিক মঞ্চে নামছে Chennai Super Kings ও Delhi Capitals। দুই ম্যাচের চরিত্র আলাদা হলেও উত্তেজনার মাত্রা একই— তুঙ্গে।

Shreyas Iyer-এর নেতৃত্বে পাঞ্জাব কিংস এ মরশুমে অন্যতম ভারসাম্যপূর্ণ দল হিসেবে উঠে এসেছে। বৃষ্টির কারণে কলকাতার বিরুদ্ধে সম্ভাব্য টানা তৃতীয় জয় হাতছাড়া হলেও তাদের আত্মবিশ্বাসে কোনও ঘাটতি নেই। চেন্নাইয়ের বিরুদ্ধে ২০০-র বেশি রান তাড়া করে জয় এবং কঠিন উইকেটে গুজরাটকে হারানো— এই দুই ফলই পাঞ্জাবের শক্তির পরিচয় দিয়েছে। জেভিয়ার বার্টলেটের ধারালো বোলিং, প্রভসিমরন সিংয়ের দ্রুত রান এবং কুপার কনোলির কার্যকর ইনিংস দলকে আরও শক্তিশালী করেছে। অন্যদিকে Sunrisers Hyderabad এখনও ধারাবাহিকতার সমস্যায় ভুগছে। Travis Head ও Abhishek Sharma-কে ঘিরে যে বিস্ফোরক ওপেনিংয়ের আশা ছিল, তা বারবার ভেঙে পড়ছে। যদিও Nitish Kumar Reddy এবং Heinrich Klaasen মাঝের সারিতে লড়াই করছেন, বোলিং বিভাগে Harshal Patel ও Jaydev Unadkat এখনও প্রত্যাশিত প্রভাব ফেলতে পারেননি। এই ম্যাচে ব্যাটারদের জন্য সহায়ক উইকেট থাকায় ২০০-র বেশি রান উঠতে পারে বলেই মনে করা হচ্ছে। ফলে প্রথম ম্যাচে রানবন্যার সম্ভাবনা প্রবল।

দিনের দ্বিতীয় আকর্ষণ চেপকে Chennai Super Kings ও Delhi Capitals-এর মুখোমুখি লড়াই। ঘরের মাঠে নামায় কিছুটা এগিয়ে থাকবে চেন্নাই, বিশেষ করে স্পিন সহায়ক পিচ তাদের বাড়তি সুবিধা দিতে পারে। মাত্র ৭২ ঘণ্টার ব্যবধানে চেপকে পরপর দুটি গুরুত্বপূর্ণ ম্যাচ খেলছে চেন্নাই। ফলে এই ম্যাচে পূর্ণ পয়েন্ট তোলা তাদের কাছে অত্যন্ত জরুরি। মাঝের ওভারে স্পিনারদের দিয়ে ম্যাচের রাশ টেনে ধরাই হবে হলুদ শিবিরের প্রধান কৌশল।অন্যদিকে দিল্লি চাইবে পাওয়ারপ্লেতে দ্রুত রান তুলে ম্যাচের ভিত গড়তে। তরুণ ও আগ্রাসী টপ অর্ডারের উপরই তাদের বড় ভরসা। শুরুটা ভালো করতে পারলে চেন্নাইকে চাপে ফেলতে পারে দিল্লি।