কেশিয়াড়ীর লেঙ্গামারা ব্রিজের অস্থায়ী রাস্তা পরিদর্শনে পুলিশ সুপার পাপিয়া সুলতানা,খতিয়ে দেখলেন পরিস্থিতি

নিজস্ব সংবাদদাতা : পশ্চিম মেদিনীপুরের কেশিয়াড়ীর লেঙ্গামারা ব্রিজ সংলগ্ন এলাকায় তৈরি হওয়া অস্থায়ী রাস্তার পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করলেন জেলা পুলিশ সুপার পাপিয়া সুলতানা। পুলিশের আধিকারিকদের সঙ্গে নিয়ে এলাকায় গিয়ে রাস্তার বর্তমান অবস্থা খতিয়ে দেখেন তিনি।এদিন পুলিশ সুপারের সঙ্গে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার বুশারা বানো, বেলদা মহকুমা পুলিশ আধিকারিক (এসডিপিও) আনন্দ মণ্ডল, কেশিয়াড়ী থানার ভারপ্রাপ্ত আধিকারিক সৌম্য চ্যাটার্জি-সহ পুলিশের অন্যান্য আধিকারিকরা। পরিদর্শনের সময় লেঙ্গামারা ব্রিজ সংলগ্ন নতুন তৈরি অস্থায়ী রাস্তা ঘুরে দেখেন তাঁরা। পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে যান চলাচল ও এলাকার সমস্যার বিষয়েও খোঁজ নেন পুলিশ আধিকারিকরা।

উল্লেখ্য, খড়গপুর–কেশিয়াড়ি রাজ্য সড়কের সম্প্রসারণ কাজ চলাকালীন তৈরি করা অস্থায়ী রাস্তা গত কয়েক দিনের টানা বৃষ্টিতে জলের তোড়ে ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে। এর ফলে ব্যাহত হয় যান চলাচল। পরে পুলিশ প্রশাসনের উদ্যোগে দ্রুত বিকল্প অস্থায়ী রাস্তা তৈরি করে পরিস্থিতি স্বাভাবিক করা হয়। সেই রাস্তার নিরাপত্তা, স্থায়িত্ব এবং সাধারণ মানুষের যাতায়াতের সুবিধা নিশ্চিত করতেই এদিন পুলিশ সুপারের এই পরিদর্শন বলে জানা গিয়েছে। প্রশাসনের তৎপরতায় স্বস্তি ফিরেছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে।