সংরক্ষণ নীতিতে বড় প্রশ্ন সুপ্রিম কোর্টের, কাঠগড়ায় ‘ক্রিমি লেয়ার’ বিতর্ক

নিজস্ব সংবাদদাতা : নিজস্ব সংবাদদাতা : সংরক্ষণ ব্যবস্থার বর্তমান কাঠামো নিয়ে গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ করল সুপ্রিম কোর্ট। একই পরিবারের একাধিক প্রজন্ম সংরক্ষণের সুবিধা পাবে কিনা, তা নিয়ে এবার সরব হল শীর্ষ আদালত। বিচারপতি বিভি নাগরত্ন ও বিচারপতি উজ্জ্বল ভুঁইয়ার ডিভিশন বেঞ্চ স্পষ্ট জানিয়ে দিয়েছে, বাবা-মা যদি ইতিমধ্যেই সংরক্ষণের সুবিধা নিয়ে উচ্চশিক্ষা ও সরকারি চাকরিতে প্রতিষ্ঠিত হন, তাহলে তাঁদের সন্তানদেরও একই সুবিধা দেওয়া কতটা যুক্তিযুক্ত, তা নতুন করে ভাবার সময় এসেছে।মামলাটি কর্নাটকের। কুর্বা জনজাতির এক যুবক অভিযোগ করেন, ওবিসি সংরক্ষণের সুবিধা থেকে তাঁকে বঞ্চিত করা হয়েছে। যদিও তাঁর বাবা-মা দু’জনেই রাজ্য সরকারি কর্মচারী এবং পরিবারের বার্ষিক আয় প্রায় ১৯.৪৮ লক্ষ টাকা। এই পরিস্থিতিতে সরকারি পক্ষের দাবি, এত উচ্চ আয়ের পরিবার সংরক্ষণের আওতায় পড়তে পারে না।শুনানির সময় বিচারপতি নাগরত্ন প্রশ্ন তোলেন, “যদি বাবা-মা দু’জনেই আইএএস বা উচ্চপদস্থ সরকারি আধিকারিক হন, তাহলে তাঁদের সন্তানরা আবার কেন সংরক্ষণ পাবে?” তাঁর মন্তব্য, শিক্ষা ও আর্থিক উন্নতির সঙ্গে সমাজে গ্রহণযোগ্যতাও বাড়ে। তারপরও একই পরিবার বারবার সংরক্ষণের সুবিধা নিলে সমাজ কখনও এই নির্ভরতার চক্র থেকে বেরোতে পারবে না।সুপ্রিম কোর্টের এই পর্যবেক্ষণ ঘিরে নতুন করে শুরু হয়েছে সংরক্ষণ নীতির ভবিষ্যৎ ও ‘ক্রিমি লেয়ার’ বিতর্ক। বিশেষজ্ঞদের মতে, এই মামলার রায় ভবিষ্যতে সংরক্ষণ ব্যবস্থার কাঠামোয় বড় প্রভাব ফেলতে পারে।