সুরেন্দ্রনাথ কলেজে বিতর্ক: গেস্ট রুমে বিলাসবহুল পরিকাঠামো ঘিরে প্রশ্ন, তদন্তের দাবি বিজেপির!
নিজস্ব সংবাদদাতা : সুরেন্দ্রনাথ কলেজে আর্থিক অনিয়মের অভিযোগের মাঝেই নতুন বিতর্ক উসকে দিল কলেজের পাঁচতলায় অবস্থিত কয়েকটি কক্ষ। বিজেপি বিধায়ক সজল ঘোষ কলেজ পরিদর্শনে গিয়ে দাবি করেন, কলেজ ভবনের উপরের তলায় ‘টেরেস ফেসিলিটি’র নামে একাধিক শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষ তৈরি করা হয়েছে, যেখানে বিছানা, গদি, বালিশ, আলমারি-সহ বিভিন্ন সামগ্রী পাওয়া গিয়েছে।অভিযোগ, কলেজের ওই অংশে দীর্ঘদিন ধরে অনিয়মিত কার্যকলাপ চলত। বিধায়কের দাবি, সংশ্লিষ্ট কক্ষগুলিতে এমন কিছু সামগ্রীও উদ্ধার হয়েছে, যা নিয়ে প্রশ্ন উঠেছে।
পাশাপাশি, কিছু ঘর থেকে মদের বোতল উদ্ধার হওয়ার অভিযোগও সামনে এসেছে।ঘটনার পর কলেজের পাঁচতলার কয়েকটি কক্ষ, ইউনিয়ন রুম এবং কমন রুমের তালা ভেঙে পরিদর্শন করা হয়। পুলিশও ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি খতিয়ে দেখে।এদিকে, কলেজের গভর্নিং বডির এক সদস্য তথা তৃণমূল নেতা দেবাশিস বন্দ্যোপাধ্যায়কে ঘিরেও একাধিক অভিযোগ উঠেছে। বিরোধীদের দাবি, কলেজের কিছু পরিকাঠামোর অপব্যবহার করা হয়েছে। তবে এই সমস্ত অভিযোগের বিষয়ে এখনও পর্যন্ত কোনও সরকারি তদন্তের চূড়ান্ত রিপোর্ট প্রকাশিত হয়নি।ঘটনাকে কেন্দ্র করে রাজ্যের উচ্চশিক্ষা ব্যবস্থার স্বচ্ছতা ও কলেজ প্রশাসনের ভূমিকা নিয়ে রাজনৈতিক তরজা শুরু হয়েছে। অভিযোগগুলির সত্যতা যাচাই করতে নিরপেক্ষ তদন্তের দাবি তুলেছে বিরোধীরা। অন্যদিকে, সংশ্লিষ্ট ব্যক্তিদের তরফে অভিযোগের বিষয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়ার অপেক্ষা রয়েছে।