খড়গপুরের নিমপুরা বাজারে প্রশাসনের সারপ্রাইজ ভিজিট, খতিয়ে দেখা হল নিত্যপণ্যের দাম!
অরিন্দম চক্রবর্তী : রাজ্যের বিভিন্ন জেলার পাশাপাশি এবার খড়গপুর শহরের অন্যতম ব্যস্ত নিমপুরা সবজি বাজারে নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর দাম খতিয়ে দেখতে আকস্মিক অভিযান চালাল প্রশাসন। বুধবার, ২৭ আগস্ট ২০২৬ সকাল সাড়ে ৮টা নাগাদ বাজারে পৌঁছে বিভিন্ন পণ্যের বিক্রয়মূল্য নিয়ে সরেজমিনে তদন্ত করেন প্রশাসনের আধিকারিকরা। অভিযানের সময় আলু, পেঁয়াজ, আদা, রসুন, বিভিন্ন কাঁচা সবজি ও ফলের পাশাপাশি মাছ, ডিম এবং মাংসের দামও খতিয়ে দেখা হয়।
বিক্রেতাদের সঙ্গে কথা বলার পাশাপাশি বাজারে আসা সাধারণ ক্রেতাদের কাছ থেকেও বিভিন্ন পণ্যের বিক্রয়মূল্য সম্পর্কে তথ্য সংগ্রহ করেন আধিকারিকরা। সরকার নির্ধারিত মূল্যের তুলনায় কোনও পণ্যের জন্য অতিরিক্ত দাম নেওয়া হচ্ছে কি না, তা বিশেষভাবে খতিয়ে দেখা হয়। পাশাপাশি ব্যবসায়ীদের সরকার নির্ধারিত মূল্যের মধ্যে থেকেই পণ্য বিক্রির বিষয়ে সতর্ক করা হয়।
অভিযানে উপস্থিত ডেপুটি ম্যাজিস্ট্রেট ও ডেপুটি কালেক্টর অলক পুরোহিত বলেন, “কিছু জিনিসের দাম এলোমেলো থাকলেও বেশিরভাগ সামগ্রীর বিক্রয়মূল্য সরকার নির্ধারিত দামের আশেপাশেই রয়েছে।”প্রশাসন সূত্রে জানা গিয়েছে, নজরদারি শুধু খুচরো বাজারেই সীমাবদ্ধ থাকবে না। মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী আগামী দিনে পাইকারি বাজারেও একইভাবে নজরদারি চালানো হবে। এদিনের অভিযানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডিএমডিসি রাজকুমার বিশ্বাস, পুলিশের সার্কেল ইন্সপেক্টর অভিজিৎ হাইৎ এবং নিমপুরা ফাঁড়ির পুলিশ আধিকারিকরা। নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর দাম নিয়ন্ত্রণে রাখতে প্রশাসনের এই ধরনের অভিযান আগামী দিনেও চলবে বলে জানা গিয়েছে।