কালীঘাট থানার ওসি সাসপেন্ড, রাইফেল হাতে ছবি পোস্টে বিতর্ক তুঙ্গে!
নিজস্ব সংবাদদাতা : কলকাতার কালীঘাট থানার ওসি গৌতম দাস-কে সাসপেন্ড করা হল সোশ্যাল মিডিয়ায় রাইফেল হাতে ছবি পোস্টকে কেন্দ্র করে তৈরি হওয়া বিতর্কের জেরে। বিষয়টি নিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয় TMC, এরপরই এই পদক্ষেপ নেওয়া হয়।অভিযোগ, গৌতম দাস নিজের হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে একটি ছবি পোস্ট করেছিলেন, যেখানে তাঁকে পুলিশ ইউনিফর্ম পরে আধুনিক আগ্নেয়াস্ত্র হাতে থানার চেয়ারে বসে থাকতে দেখা যায়। ছবির ক্যাপশনে লেখা ছিল—‘নতুন দায়িত্বের জন্য প্রস্তুত’। যদিও পরে সেই পোস্টটি সরিয়ে নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়। জয়প্রকাশ মজুমদার অভিযোগ জানান, বিষয়টি নির্বাচন আচরণবিধি লঙ্ঘনের সামিল। তিনি এই নিয়ে কমিশনের আধিকারিকদের কাছেও অভিযোগ দায়ের করেন।পরিস্থিতি বিবেচনা করে কর্তৃপক্ষ দ্রুত ব্যবস্থা নিয়ে গৌতম দাসকে সাসপেন্ড করে। তাঁর পরিবর্তে চামেলি মুখোপাধ্যায়-কে নতুন ওসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে, যিনি আগে উল্টোডাঙা মহিলা থানায় কর্মরত ছিলেন।ঘটনাকে ঘিরে প্রশ্ন উঠছে পুলিশ প্রশাসনের নিরপেক্ষতা ও আচরণবিধি মানা নিয়ে। বিষয়টির তদন্ত চলছে বলে সূত্রের খবর।