দিলীপজায়াকে ‘ম্যাডাম মিনিস্টার’ বললেন শুভেন্দু, আবেগঘন প্রতিক্রিয়া রিঙ্কুর

অভিজিৎ সাহা: রাজ্যে বিজেপি সরকার গঠনের পর শনিবার ব্রিগেডে অনুষ্ঠিত হল শপথগ্রহণ অনুষ্ঠান। মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন Suvendu Adhikari। একই মঞ্চে মন্ত্রী হিসেবে শপথ নেন Dilip Ghosh-সহ আরও পাঁচ জন নেতা। আর সেই অনুষ্ঠান ঘিরেই সামনে এল এক আবেগঘন মুহূর্ত। শপথগ্রহণের পর দিলীপ ঘোষের স্ত্রী Rinku Majumdar মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তাঁকে “ম্যাডাম মিনিস্টার” বলে সম্বোধন করেন শুভেন্দু। সেই অভিজ্ঞতার কথা জানাতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন রিঙ্কু। তিনি বলেন, বিয়ের পর থেকে গত এক বছরে তাঁকে নানা সমালোচনার মুখে পড়তে হয়েছে। কখনও তাঁকে “তৃণমূল ঘনিষ্ঠ”, কখনও আবার “অন্য লবির” বলে কটাক্ষ করা হয়েছে। এমনকি দিলীপ ঘোষের রাজনৈতিক অবস্থান নিয়েও তাঁকে দায়ী করা হয়েছে বলে দাবি রিঙ্কুর। সোশ্যাল মিডিয়াতেও একাধিক আক্রমণের মুখে পড়তে হয়েছিল তাঁকে।
তবে বাংলায় বিজেপির ক্ষমতায় আসা এবং দিলীপ ঘোষের মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর সেই সমস্ত “বদনাম ঘুচল” বলেই মনে করছেন রিঙ্কু মজুমদার। তাঁর কথায়, “আজ মনে হচ্ছে সব অপবাদ মুছে গেল।” রিঙ্কু আরও দাবি করেন, পশ্চিমবঙ্গের রাজনৈতিক পরিবর্তন গোটা দেশের রাজনীতিতেও বড় প্রভাব ফেলবে। তাঁর মতে, “বাংলা থেকেই দেশের রাজনৈতিক সমীকরণ তৈরি হয়।” এদিন শুভেন্দু অধিকারীর সঙ্গে সাক্ষাতের সময় তিনি একসঙ্গে উন্নয়নের কাজ করার আশ্বাসও পেয়েছেন বলে জানান রিঙ্কু। তাঁর বক্তব্য, দিলীপ-শুভেন্দু জুটি ইতিমধ্যেই বাংলার রাজনীতিতে বড় পরিবর্তন এনেছে এবং আগামীদিনেও সেই ধারা বজায় থাকবে।