পশ্চিমবঙ্গের 'মুখ্যমন্ত্রী' হিসেবে শপথ নিলেন শুভেন্দু অধিকারী !

নিজস্ব সংবাদদাতা : কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে শনিবার তৈরি হল এক নতুন রাজনৈতিক ইতিহাস। প্রধানমন্ত্রী Narendra Modi, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী Amit Shah-সহ বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব এবং একাধিক বিজেপিশাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীদের উপস্থিতিতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন Suvendu Adhikari। বাংলার নবম মুখ্যমন্ত্রী হলেন শুভেন্দু অধিকারী। এই শপথগ্রহণ অনুষ্ঠান ঘিরে সকাল থেকেই উত্তেজনার পারদ ছিল তুঙ্গে। শুভেন্দুর শপথের পরই ঘোষণা করা হয় তাঁর প্রথম মন্ত্রিসভার পাঁচ সদস্যের নাম। উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের মধ্যে ভারসাম্য রেখে তৈরি করা হয়েছে এই মন্ত্রিসভা। পাশাপাশি আদিবাসী ও মতুয়া সম্প্রদায়ের প্রতিনিধিত্বও নিশ্চিত করেছে বিজেপি নেতৃত্ব। শুভেন্দুর মন্ত্রিসভার পাঁচ সদস্য হলেন— Dilip Ghosh, Agnimitra Paul, Ashok Kirtania, Nisith Pramanik এবং Khudiram Tudu। শপথগ্রহণের মঞ্চে শুভেন্দুর পর প্রথমে শপথ নেন দিলীপ ঘোষ। এরপর একে একে অগ্নিমিত্রা পাল, অশোক কীর্তনিয়া, ক্ষুদিরাম টুডু এবং সবশেষে নিশীথ প্রামাণিক শপথ নেন। যদিও কে কোন দফতরের দায়িত্ব পাবেন, তা এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি।

উল্লেখ্য, সদ্যসমাপ্ত বিধানসভা নির্বাচনে ২০৭টি আসন জিতে পশ্চিমবঙ্গে ক্ষমতায় এসেছে বিজেপি। ফল ঘোষণার পর থেকেই মুখ্যমন্ত্রীর মুখ কে হবেন? তা নিয়ে জোর জল্পনা চলছিল রাজনৈতিক মহলে। বিজেপির শীর্ষ নেতৃত্ব একাধিকবার জানিয়েছিল, বাংলার মাটি ও বাংলামাধ্যমের সঙ্গে যুক্ত কোনও নেতাকেই মুখ্যমন্ত্রী করা হবে। সেই আলোচনায় প্রথম সারিতেই ছিলেন শুভেন্দু অধিকারী। অবশেষে সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে শুক্রবার বিধায়কদলের বৈঠকে শুভেন্দুকে পরিষদীয় দলনেতা নির্বাচিত করা হয়। বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে অমিত শাহ জানান, আটটি প্রস্তাব জমা পড়লেও প্রত্যেকটিতেই একমাত্র নাম ছিল শুভেন্দু অধিকারীর। দ্বিতীয় কোনও নাম না আসায় সর্বসম্মতিক্রমে তাঁকেই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে ঘোষণা করা হয়। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, বিজেপির এই নতুন মন্ত্রিসভা রাজ্যের সামাজিক সমীকরণকে সামনে রেখেই গঠন করা হয়েছে। এখন নজর প্রশাসনিক দায়িত্ব বণ্টন এবং নতুন সরকারের প্রথম সিদ্ধান্তের দিকে।