নয়াগ্রামে গড়ে উঠবে ‘স্বদেশী আদর্শ গ্রাম’, উদ্যোগ মন্ত্রী অমিয় কিস্কুর
নিজস্ব সংবাদদাতা : ভারতীয় ঐতিহ্য, সংস্কৃতি, জ্ঞান-বিজ্ঞান ও গ্রামীণ জীবনযাত্রার আদলে ঝাড়গ্রাম জেলার নয়াগ্রাম ব্লকে গড়ে উঠতে চলেছে ‘স্বদেশী আদর্শ গ্রাম’। এই উদ্যোগ নিয়েছেন নয়াগ্রামের বিধায়ক তথা পশ্চিমবঙ্গ সরকারের ভারপ্রাপ্ত প্রতিমন্ত্রী অমিয় কিস্কু।প্রকল্পের আওতায় একাধিক গ্রামকে কেন্দ্র করে জ্ঞান-বিজ্ঞান চর্চা, হস্তশিল্প ও কারিগরি প্রশিক্ষণ, গ্রামীণ পাঠাগার, গো-পালন, আয়ুর্বেদিক চিকিৎসা, ভেষজ উদ্যান, খাদ্য প্রক্রিয়াকরণ, খেলাধুলা ও সাংস্কৃতিক কেন্দ্র গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। প্রকল্পের রূপরেখা তৈরির দায়িত্ব দেওয়া হয়েছে সেবা ভারতী মহাবিদ্যালয়ের ভূগোল বিভাগের সহযোগী অধ্যাপক ডঃ প্রণব সাহুকে। প্রাথমিকভাবে নয়াগ্রামের কয়েকটি গ্রাম পরিদর্শন করে তিনি প্রকল্পের খসড়া প্রস্তাব মন্ত্রীর হাতে তুলে দিয়েছেন। মন্ত্রী অমিয় কিস্কু জানান, স্থানীয় প্রাকৃতিক ও মানবসম্পদকে কাজে লাগিয়ে স্বনির্ভর গ্রাম গড়ে তোলাই এই প্রকল্পের মূল লক্ষ্য। এর মাধ্যমে ঐতিহ্য সংরক্ষণের পাশাপাশি কর্মসংস্থান ও গ্রামীণ মানুষের আয় বৃদ্ধির সুযোগ তৈরি হবে। প্রকল্প সমন্বয়ক হিসেবে রয়েছেন সমাজকল্যাণকর্মী সঞ্জয় বারিক।