বাংলার লোকগানের পরিচিত কণ্ঠ স্বাগত দে প্রয়াত!

নিজস্ব সংবাদদাতা: প্রয়াত বাংলার লোকসঙ্গীত জগতের এক পরিচিত ও জনপ্রিয় কণ্ঠশিল্পী স্বাগত দে। বুধবার গভীর রাতে বারাসতের একটি বেসরকারি নার্সিংহোমে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৪ বছর। তাঁর প্রয়াণে সমগ্র সাংস্কৃতিক অঙ্গনে নেমে এসেছে গভীর শোকের ছায়া।পরিবার সূত্রে জানা গিয়েছে, গত ২ আগস্ট তিনি ম্যাসিভ কার্ডিয়াক অ্যারেস্টে আক্রান্ত হন। প্রথমে তাঁকে বারাসত সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় একটি বেসরকারি নার্সিংহোমে স্থানান্তরিত করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় বুধবার রাতে তাঁর মৃত্যু হয়।লোকসঙ্গীতের বিভিন্ন ধারায়, বিশেষ করে ভাটিয়ালি গানে তাঁর অসাধারণ দক্ষতা তাঁকে আলাদা পরিচিতি এনে দেয়। বিস্মৃতপ্রায় বহু লোকগান নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাঁর গাওয়া 'সোনা বন্ধু রে','ময়না ছলাৎ ছলাৎ', 'বিহুর এ লগন' ইত্যাদির মতো একাধিক গান ব্যাপক জনপ্রিয়তা লাভ করে এবং তাঁকে ঘরে ঘরে পরিচিত করে তোলে। বারাসতের নবপল্লীর বাসিন্দা স্বাগত দে সঙ্গীতচর্চার পাশাপাশি অভিনয়েও নিজের প্রতিভার পরিচয় দিয়েছিলেন। ‘ভিঞ্চিদা’ চলচ্চিত্রে তাঁর অভিনয় দর্শক ও সমালোচকদের প্রশংসা কুড়িয়েছিল।ব্যক্তিগত জীবনে তিনি স্ত্রী, এক পুত্র ও এক কন্যাকে রেখে গিয়েছেন। তাঁর আকস্মিক প্রয়াণে পরিবার-পরিজন, অনুরাগী এবং শিল্পীমহল গভীরভাবে শোকাহত।বাংলার লোকসঙ্গীতকে সমৃদ্ধ করার ক্ষেত্রে স্বাগত দে-র অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।